ফুটবলে এল লোটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান শুরুর আগে প্রজেক্টরে দেখানো হলো কিছু বিজ্ঞাপনচিত্র। ফুটবলার, অ্যাথলেটরা বুট পায়ে দৌড়াচ্ছেন। কিন্তু দুই রকম বুট পরে দুটি মাঠে অনুশীলনরত খেলোয়াড়দের পারফরম্যান্সেও দেখা গেল পার্থক্য। আসলে এগুলো ছিল ইতালিয়ান কোম্পানি লোটোর বিজ্ঞাপন। মূলত হাইটেক জুতা তৈরির এই প্রতিষ্ঠানটি ফুটবল ছাড়াও টেনিস, অ্যাথলেটিকসেও ক্রীড়াসামগ্রী সরবরাহ করে।লোটো সাময়িক গাঁটছড়া বাঁধল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। তারা এএফসি বাছাইপর্ব খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২২ দলের পৃষ্ঠপোষক (কিট স্পনসর)। নেপালে এএফসি বাছাইপর্ব খেলতে যাওয়া বাংলাদেশ দলের ফুটবলারদের জার্সি, শর্টস, বুট এবং অন্য ক্রীড়াসামগ্রী দেবে এই প্রতিষ্ঠান। কাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করলেন বাফুফের আরেক সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ‘নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে খেলা সাময়িক স্থগিত করা হয়েছে। তবে সেটা অচিরেই হবে। চিন্তার কিছু নেই।’ এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্বে অংশ নিতে ৩১ মে নেপালে যাওয়ার কথা খেলোয়াড়দের। কিন্তু আপাতত যাওয়া হচ্ছে না।কাল সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইতালির রাষ্ট্রদূত গোরিয়ান মিলো, অ্যাপেক্সের কর্মকর্তা এস এম ইউসুফ প্রমুখ।