ফুটবলে এশিয়ান কাপের হাতছানি
এশিয়ার প্রতিযোগিতামূলক ফুটবল-কাঠামোয় এল বড় পরিবর্তন। কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির কালকের সভায় বাতিল করা হয়েছে নিচের দিকের দলগুলোকে নিয়ে আয়োজিত এএফসি চ্যালেঞ্জ কাপ। আগামী ১৯-৩০ মে যেটির শেষ আসর বসছে মালদ্বীপে।
এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম আসর বসেছিল ঢাকাতেই, ২০০৬ সালে। তারপর থেকে দুই বছর পর পর টুর্নামেন্টটি হয়ে আসছে। বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ খেলার বড় একটা নিশ্চয়তা হয়ে ছিল চ্যালেঞ্জ কাপ। যে টুর্নামেন্টের চ্যাম্পিয়নরাই শুধু সরাসরি সুযোগ পায় এশিয়ান কাপে।
নতুন নিয়মে ২০১৯ এশিয়ান কাপে দলের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪ করা হয়েছে। যা থেকে লাভবান হতে পারে বাংলাদেশ। আগের নিয়মে এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পাওয়া অনেক কঠিন ছিল, এখন দল বেড়ে যাওয়ায় একটু বেশি উন্মুক্ত হলো দুয়ারটা।
নতুন নিয়মে এশিয়ার ৪৭টি সদস্যদেশই অংশগ্রহণের সুযোগ পাবে এশিয়ান কাপে। দলগুলোকে আট ভাগে ভাগ করা হবে। সেরা আট ও সেরা চার রানার্সআপ উঠে যাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে, ওই ১২ দল বিশ্বকাপের বাছাইও খেলবে। বর্তমান নিয়মে এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলে ১০টি দল।
এশিয়া কাপে উঠে যাওয়া ১২ দল বাদে বাকি দলগুলোর মধ্যে র্যাঙ্কিং অনুযায়ী সেরা ২৪ দলকে ৬ গ্রুপে ভাগ করা হবে। ছয় গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপও যাবে এশিয়ান কাপের মূল পর্বে। এই নিয়মে বাংলাদেশের এশিয়া কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ বাড়ছে।
ক্লাব ফুটবলে বর্তমান কাঠামোতেও পরিবর্তন এনেছে এএফসি। এখন সেরা দলগলো খেলে চ্যাম্পিয়নস লিগে, তারপর এএফসি কাপ ও নিচের দিকের দলগুলোর জন্য এএফসি প্রেসিডেন্টস কাপ। বাংলাদেশের ক্লাবগুলো প্রেসিডেন্টস কাপেই খেলে আসছে। নতুন নিয়মে প্রেসিডেন্টস কাপ থাকছে না, মাঝারি ক্লাবগুলোর জন্য আয়োজিত এএফসি কাপের ৩২টি দলের মধ্যে জায়গা পেতে খেলে আসতে হবে প্লে-অফ।
সদস্যদেশগুলোর র্যাঙ্কিং ঠিক হবে এক শ পয়েন্টের মধ্যে। ঘরোয়া ফুটবলের মানের ওপর ৭০ পয়েন্ট, বাকি ৩০ পয়েন্ট জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনায়।