ফুটবলে কালো সপ্তাহ
গুলি, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, লাঠিপেটা, খুন, ম্যাচ পণ্ড। গত দুই দিনে পুরো ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় খেলার পাতা দখল করে ছিল এই শব্দগুলোই। ইংল্যান্ড থেকে জার্মানি, গ্রিস থেকে ব্রাজিল—সহিংসতা ছড়িয়েছে যেন ছোঁয়াচে রোগের মতো। পুরোনো দিনের সেই ভয়াল দিনগুলোই যেন ফিরে এসেছিল। পরশু সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলে, সিয়ারেন্স রাজ্য চ্যাম্পিয়নশিপের দল ফোর্তালেজার সমর্থকদের গুলিতে প্রাণ হারান সিয়েরা ক্লাবের দুই তরুণ সমর্থক। সহিংসতা অবশ্য মাঠে হয়নি। আটলান্টিক উপকূলের শহর ফোর্তালেজার বিশ্বকাপ ও কনফেডারেশনস কাপের ভেন্যু অ্যারেনা কাস্তেলাওতে দুই দলের ম্যাচটা শেষ হওয়ার পর রাস্তায় ঘটে গোলাগুলির ঘটনা। নতুন মাঠে এটাই ছিল প্রথম ম্যাচ।ইউরোপে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে এথেন্সে। রোববার দর্শকের সহিংসতায় পণ্ড হয়েছে দু-দুটি ম্যাচ। এথেন্স অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক এইকে ও প্যানথ্রাকিকসের ম্যাচটা ৮৭ মিনিট হওয়ার পর পণ্ড হয়ে যায়। ওই সময় ০-১ গোলে পিছিয়ে ছিল নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অবনমনের শঙ্কায় পড়া এইকে। উত্তেজিত দর্শকেরা মাঠে ঢুকে খেলোয়াড়দের তাড়া করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দর্শকদের ছত্রভঙ্গ করা হয়। অন্যদিকে অলিম্পিয়াকস ও প্যানাথিনাইকসের ম্যাচটি শুরুই হতে পারেনি। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ করে বোমা ও পাথর ছুড়ে মারা হলে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড (আলোক ও শব্দ গ্রেনেড) ছোড়ে পুলিশ। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে নিজেরাই মারামারিতে জড়ায় মিলওয়ালের সমর্থকেরা। উইগানের বিপক্ষে তাদের দল ০-২ গোলে পিছিয়ে পড়ার পরই বাধে ঝামেলা। ফুটবল মাঠে মাস্তানির জন্য কুখ্যাত মিলওয়ালের সমর্থকদের লাঠিপেটা ও ১৪ জনকে গ্রেপ্তার করে শান্ত করে পুলিশ। ঘটনায় চার পুলিশ কর্মকর্তাও আহত হন। একই দিনে জার্মানির মিউনিখে বায়ার্ন ও নুরেমবার্গের ম্যাচের আগে সংঘর্ষে আহত হন ১৬ পুলিশ সদস্য। দুই দলের ‘কট্টর’ সমর্থকদের অন্য রকম এই লড়াই থেকে আটক করা হয় ৬০ জনকে। এএফপি, রয়টার্স।