ফুটবলে কুয়েতি স্পনসর
সংবাদ সম্মেলনের পেছনে ব্যানারে লেখা, ‘বাফুফের জন্য বিদেশি স্পনসরশিপ’। মঞ্চে যাঁর ওপর সব আলো সেই হামাদ আলতুওয়াজরি প্রাণখোলা কথা বলে গেলেন। ‘এলাম আর কিছু টাকা দিয়ে চলে গেলাম, এমন নয়। দীর্ঘ মেয়াদেই আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে থাকব’—কুয়েতের ইন্টারন্যাশনাল ট্রেড হোল্ডিং কোম্পানির (আইটিএইচসি) চেয়ারম্যানের মুখে এই কথা শুনে পাশে বসা কাজী সালাউদ্দিনের চোখমুখ চিকচিক করে ওঠে। এত দিনে একটা বিদেশি সহায়তা আনা গেল দেশের ফুটবলের জন্য।
পরশু রাতে নিজস্ব চার্টার্ড বিমানে ঢাকায় হাজির হামাদ এবং তাঁর চার সঙ্গী। কাল দুপুরে ঢাকা ছাড়ার আগে সকালে একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনটা বুনল বাফুফের জন্য নতুন আশার বীজ। বহুল আলোচিত এবং কয়েক বছর ধরে ‘হবে’, ‘হচ্ছে’ করেও না হওয়া বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে আয়োজনের নতুন একটি সময় নির্ধারণ করা হলো এদিন। বাফুফে সভাপতি জানালেন, আগামী সেপ্টেম্বরে ঢাকায় আট দেশের হাইপ্রোফাইল আয়োজনে পৃষ্ঠপোষণা করবে হামাদের প্রতিষ্ঠান। পরে কুয়েতি শিল্পপতি নিজেও দিলেন সেই ঘোষণা।
এটা কেবল শুরু। এ দেশের যুব ফুটবল উন্নয়ন, জাতীয় দল উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে থাকবে এই প্রতিষ্ঠানের সহায়তা। এরই মধ্যে তারা এক লাখ ডলার বাফুফেকে পাঠিয়েও দিয়েছে। বাফুফের আর্থিক সংকটের এই সময়ে মরুভূমিতে একপশলা বৃষ্টিই হয়ে এল এই অনুদান। আইটিএইচসি কয়েক বছর আগে একটি সেতু নির্মাণ করেছে বাংলাদেশে। তবে হামাদের এটাই প্রথম বাংলাদেশে সফর এবং সেটি ‘তাঁর বন্ধু’ সালাউদ্দিনের হাত ধরেই।