মাত্র এক দিনের ব্যবধানেই নিজের অবস্থান ও বক্তব্য থেকে সরে আসলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। আজ মঙ্গলবার তিনি গত রোববারের ইংল্যান্ড-জার্মানি ও মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে রেফারির ভুলের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্বকাপের পরপরই গোললাইনে প্রযুক্তির ব্যবহার বিষয়ে ফিফা একটি নতুন সিদ্ধান্তে আসবে।কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে আজ মঙ্গলবার ফিফা সভাপতি বলেন, ‘বিশ্বকাপে বল গোললাইন অতিক্রম করার পরও তা রেফারির দৃষ্টি এড়িয়ে যাওয়ার ফলে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে গোললাইনে প্রযুক্তির ব্যবহার নিয়ে আমার কার্যালয়ে যে ফাইলটি পড়ে আছে, তা নিয়ে আবার আলোচনা শুরু করা।’সেপ ব্লাটার নাকি এবারের বিশ্বকাপে রেফারিদের বিভিন্ন রকম ভুল নিয়ে বেশ চিন্তিত। তিনি বলেন, ‘ফিফার সভাপতি হিসেবে, রেফারিদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট হতে পারছি না। তবে আমি এ ব্যাপারে ক্ষমা চাইছি।’গত রোববার ইংল্যান্ড-জার্মানির মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ডের ফ্রাংক ল্যাম্পার্ডের একটি শট জার্মানির ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করার পরও তা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। সে সময় ইংল্যান্ড খেলায় ২-১ গোলে পিছিয়ে ছিল। পরে ইংল্যান্ড ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। একই দিন মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোল অফসাইড ছিল কি ছিল না, তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে রেফারিদের বিভিন্ন ভুলের কারণে ফিফার ওপর ফুটবলে প্রযুক্তির ব্যবহার শুরু করার ব্যাপারে যথেষ্ট চাপ সৃষ্টি হয়েছে। অনেক ফুটবল বিশেষজ্ঞই বলছেন, অন্য খেলাগুলো প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিতর্ক অনেকটাই কমিয়ে নিয়ে এলেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে এর ব্যবহার নিয়ে ফিফার নির্লিপ্ততা হতাশাজনক।গত রোববার ইংল্যান্ড-জার্মানি ও মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ব্লাটার সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রযুক্তির ব্যাপারে সরাসরিই জানিয়ে দিয়েছিলেন, ‘ফিফা ফুটবলে প্রযুক্তির ব্যবহার শুরু করার ব্যাপারে কোনো কিছু ভাবছেই না।’