ফুটবলে চীনের তুলনায় ভারত কিছুই নয়: ভারতীয় কোচ
দুই বছর আগে এশীয় ফুটবলের দ্বিতীয় ও তৃতীয় সারির দেশগুলোর ‘বিশ্বকাপ’ এএফসি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়ে এবারের একাদশ এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে গেছে ভারত। আয়তনের তুলনায় ফুটবলে অনেক পিছিয়ে থাকা ভারত গতকাল সোমবার এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৪-০ গোলে। বিশ্বের ২০ নম্বর র্যাঙ্কিংয়ের অসিদের বিপক্ষে ভরাডুবির শঙ্কা নিয়ে মাঠে নামলেও এই স্কোর লাইনে মোটামুটি আত্মতৃপ্তিই খুঁজে পেয়েছে ভারতীয়রা।ভারতের ফুটবলকে অনেক সময়ই উচ্চমানের দেখতে চান ফুটবল সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। বিশাল জনসংখ্যার দেশ ভারতে ফুটবল কেন এক নম্বর জনপ্রিয় খেলা নয়, তা নিয়ে হা-হুতাশ রয়েছে ফিফা-এএফসির অনেক কর্তারই। বিরাট বাজার হওয়া সত্ত্বেও ক্রিকেটের ‘আগ্রাসন’ ফুটবলকে অসহায়ই বানিয়ে রেখেছে ভারতে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের তেমন সাফল্য না থাকলেও ফুটবল নিয়ে ভারতীয় গণমাধ্যমের উচ্চাকাঙ্ক্ষাটা কিন্তু নেহাতই কম নয়। সম্প্রতি প্রতিবেশী আরেক বড় দেশ চীনের ফুটবলের সঙ্গে নিজেদের ফুটবলের তুলনাতে যেয়ে রীতিমতো বিব্রতই হতে হয়েছে ভারতীয় গণমাধ্যমকে।ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ বব হাউটনকে ভারতীয় গণমাধ্যম প্রশ্ন করেছিল, ‘চীনের সঙ্গে অনেক কিছুতেই পার্থক্য কমিয়ে নিয়ে এলেও ফুটবল খেলায় কেন ভারত তা পারছে না।’ এই প্রশ্নের জবাবে কোনো প্রকার রাখ-ঢাক না রেখেই হাউটন সত্যি কথাটাই বলে ফেলেছেন। তিনি বলেন, ‘চীনের সঙ্গে ভারতীয় ফুটবলের তুলনা করে কোনো লাভ নেই। যে দেশে ভালো মানের ফুটবল মাঠ মাত্র একটি, সে দেশ কীভাবে ফুটবলে এগোবে? চীনের সঙ্গে ভারতীয় ফুটবলের মূল পার্থক্য প্রশিক্ষণ সুযোগ-সুবিধায়। মানের কথা না হয় না-ই বললাম।’এরপর ভারতীয় ফুটবলের নীতি-নির্ধারকদের প্রতি বিরক্ত হয়েই কি না হাউটন বলেন, ‘ফুটবল উন্নয়নে কোনো দেশের যদি সুপরিকল্পনা না থাকে, দেশটির যদি অবকাঠামোই ঠিক না থাকে, তাহলে সেই দেশের ফুটবল উন্নয়ন নিয়ে কথা বলে লাভ নেই। দয়া করে চীনের ফুটবলের সঙ্গে ভারতীয় ফুটবলের কোনো তুলনায় যাবেন না।’‘এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলাটা ভারতের জন্য বিশেষ কিছু’ মন্তব্য করে হাউটন বলেন, ‘যদি ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন না করা যায়, তাহলে ভারত কোনো দিনই ফুটবলে এগোতে পারবে না।’ টাইমস অব ইন্ডিয়া।