ফুটবলে দক্ষিণ কোরিয়ার ব্রোঞ্জ
অলিম্পিক ফুটবলের ব্রোঞ্জ এল দক্ষিণ কোরিয়ার ঘরে। চিরপ্রতিদ্বন্দ্বী জাপানকে ২-০ গোলে হারিয়ে ফুটবলের রোল অব অনারে নিজেদের নাম লিখে নিল তারা। দক্ষিণ কোরিয়া অবশ্য অলিম্পিক ফুটবলে পদক জেতা প্রথম দেশ নয়। এর আগে ১৯৬৮ সালে জাপান অলিম্পিকে ফুটবল থেকে তুলে নিয়েছিল ব্রোঞ্জ পদক। কাল সেই জাপানকে হারিয়েই অলিম্পিক ফুটবলে পদক জেতা এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল দক্ষিণ কোরিয়া। ব্রোঞ্জের লড়াইয়ে অবশ্য জাপান-কোরিয়ার প্রতিদ্বন্দ্বিতার সেই চিরাচরিত উত্তাপটা ছিল। রেফারিকে পকেট থেকে হলুদ কার্ড বের করতে হয়েছে সাতবার। কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামের ৫৬ হাজার দর্শকের সামনে শেষ পর্যন্ত নিজেদের প্রমাণ করেই দক্ষিণ কোরিয়া জিতে নিয়েছে ম্যাচটি। জাপানকে দেশে ফেরত যেতে হচ্ছে গ্রুপ পর্বে স্পেনকে হারানো ও সেমিফাইনালে ওঠার সুখস্মৃতি সঙ্গী করেই।দক্ষিণ কোরিয়ার পক্ষে গোল দুটি এসেছে অধিনায়ক কু জা চেওল ও পার্ক চু ইয়ংয়ের পা থেকে। ম্যাচের শুরুতে অবশ্য ছিল জাপানিদের প্রাধান্য। কিন্তু ৩৮ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন পার্ক চু ইয়ং। গোল খেয়ে গাঝাড়া দিয়ে উঠলেও জাপানের দুর্বলতা ছিল সুযোগ কাজে লাগানোয়। বেশ কয়েকটি সহজ সুযোগ হেলায় হারায় তারা। ৫৭ মিনিটে দক্ষিণ কোরিয়া আরও একটি গোল করে ব্রোঞ্জ জয়ে এগিয়ে যায় অনেক দূর। তবে খেলার শেষ পর্যন্ত জাপান কোরিয়ার ওপর চাপ বজায় রেখে যায়। জাপানি ফরোয়ার্ডদের ব্যর্থতা ও কোরীয় রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি। খেলা শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পাওয়া একটি কর্নার থেকে জাপানি অধিনায়ক মায়া ইয়োশিদার হেড গোলে ঢুকলেও ফাউলের অজুহাতে রেফারি তা বাতিল করে দেন। রয়টার্স।