ফুটবলে দলবদলের সময় আরও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ আগস্ট থেকে শুরু হয়েছে পেশাদার ফুটবল লিগের আগামী মৌসুমের দলবদল। কিন্তু কাল পর্যন্তও কোনো ক্লাব দলবদলে আগ্রহ দেখায়নি।

এরই মধ্যে স্থানীয় খেলোয়াড়দের দলবদলের সময়সীমা আবারও বাড়ল। প্রিমিয়ার ফুটবল লিগের দলবদলের শেষ সময় ছিল ২০ অক্টোবর। প্রথম দফায় সেটি বাড়ানো হয়েছিল তিন দিন। এবার আরও এক সপ্তাহ বাড়িয়ে শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত।

পেশাদার লিগ কমিটির কালকের সভায় নেওয়া এই সিদ্ধান্তে বিদেশি ফুটবলারদের সময়সীমা বাড়ানো হয়নি, সেটা ১৫ নভেম্বর পর্যন্তই থাকবে। এবার ক্লাবগুলোর দেওয়া বিদেশি খেলোয়াড়দের তালিকা অনুযায়ী তাঁদের তথ্য পুলিশের বিশেষ বিভাগে (এসবি) পাঠাবে বাফুফে। এতে বিদেশি খেলোয়াড়দের ভিসাসংক্রান্ত জটিলতা কমবে।

পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার জন্য ক্লাবগুলোর অনুরোধে দলবদলের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। তাঁরই দেওয়া তথ্য, ফেডারেশন কাপ দিয়ে ফুটবলের এবারের মৌসুম শুরু হবে ৩ নভেম্বর। পেশাদার লিগ শুরু হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে।

এবারের ফেডারেশন কাপে বাছাইপর্ব থাকছে না। কারণ হিসেবে সালাম মুর্শেদী বললেন, ‘এমনিতেই এবার ফুটবল মৌসুম শুরু করতে দেরি হচ্ছে। বাছাইপর্ব করতে গেলে মূল পর্ব পিছিয়ে যাবে। এ জন্য সার্ভিসেস দলগুলো ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাড়াই এবার ফেডারেশন কাপ হবে।’ প্রিমিয়ার লিগের ১০টি দল ও চ্যাম্পিয়নশিপ লিগের ৭টি দল নিয়ে ফেডারেশন কাপ শুরু হতে পারে।