ফুটবলে দুটি নতুন ধনাঢ্য দল!
৫-৬ কোটি টাকা খরচ করে দল গড়তে পারে, এমন দুটি প্রতিষ্ঠান পেশাদার ফুটবল লিগে খেলতে চায়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই তথ্য জানিয়ে আগামী পেশাদার ফুটবল লিগ আকর্ষণীয় এবং ঢেলে সাজানোর পরিকল্পনা জানালেন কাল। সালাউদ্দিন এদিন এও স্বীকার করে গেলেন, যেভাবে বর্তমানে পেশাদার ফুটবল লিগ চলছে তা ফুটবলের জন্য কার্যকর কোনো বিজ্ঞাপন হতে পারেনি। লিগে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। দর্শক আসছে না মাঠে। আগের দুবার যেমনই যাক, এবার অবস্থা শোচনীয়। বাফুফের এই লিগের ওপর গভীর পর্যবেক্ষণ নেই। এই অবস্থার অবসান হওয়া উচিত—উপলব্ধি বাফুফে সভাপতির।‘আমার সঙ্গে দুটি প্রতিষ্ঠানের কথা হয়েছে। ওরা ৫-৬ কোটি টাকা খরচ করে দল গড়তে চায়। শুধু একবার টাকা ঢেলেই চলে গেলাম এমন নয়। দীর্ঘ সময়ের জন্যই আসছে ওরা। ৫০ লাখ টাকা জামানত দিতে বলেছি। ওরা এখনই রাজি। এই দুটি দল নিয়ে আসতে পারলে লিগে শিরোপা লড়াইয়ে বড় দল আরও তৈরি হবে এবং প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। কিছু দল বাদ দিয়ে নতুন করে এই লিগ সাজাতে চাই’—বাফুফে সভাপতি হিসেবে আগামী ৩০ এপ্রিল ৪ বছর মেয়াদের ২ বছর পূর্ণ করার তিন দিন আগে বলছিলেন সালাউদ্দিন।পরিকল্পনা অনেক শোনা যায়। বাস্তবায়ন হবে কি না সেটিই প্রশ্ন। এ বছর তো এখনো বর্ষপঞ্জিই দেওয়া হলো না! যা না পেয়ে হতাশ ফুটবল অঙ্গন। পেশাদার লিগের পর ‘সুপার কাপ’ হওয়ার কথা, এই টুর্নামেন্ট হবে কি না অনেকেরই সংশয়। গতবার সারা দেশে ক্লাব কাপ হয়েছিল। তখন বলা হয়েছে এই টুর্নামেন্ট প্রতিবছরই হবে। কিন্তু দ্বিতীয় বছরেই এটি মুখ থুবড়ে পড়ল কি না, প্রশ্ন উঠে পড়েছে।সালাউদ্দিন অবশ্য আশার বাণীই শোনালেন, ‘এখনো বর্ষপঞ্জি না দেওয়ার একটা কারণ আছে। ৩-৪টি স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে। অপেক্ষায় আছি বিশ্বকাপের জন্য। সে সময় ফুটবল উন্মাদনা কাজে লাগিয়ে তাদের সঙ্গে ওই সময়ই একটা সমঝোতায় পৌঁছাতে পারব আশা করি। টাকা পাওয়ার ওপরই নির্ভর করবে পরিকল্পনা। এ জন্যই এখন কিছু বলছি না।’তবে বিশ্বকাপের পর সুপার কাপ হবে বলে নিশ্চিত করলেন বাফুফে সভাপতি। ক্লাব কাপ হবে কি না জোর দিয়ে কিছু বলেননি। সুপার কাপে গতবার ৮ দল খেলেছে, এবার খেলবে ছয় দল।তা না হয় হলো, কিন্তু চলমান পেশাদার লিগে পাতানো খেলা বন্ধ করতে বাফুফের উদ্যোগ কী? এখন তো হরদম পাতানো খেলা চলছে এবং এ নিয়ে বাফুফে একেবারেই নির্লিপ্ত। এভাবেই কি চলবে ফুটবল? ব্যক্তিগত কাজ সেরে ইউরোপ থেকে পরশু ঢাকায় ফিরেই সালাউদ্দিনকে পড়তে হলো ঝাঁঝালো এই প্রশ্নের মুখে।‘ঢাকায় ফিরেই লিগ কমিটিকে বলে দিয়েছি গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলতে বলেছি। এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছি আমি। আমি দেশে ছিলাম না, এখন একটা উপায় বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পাতানো খেলা বন্ধে সুনির্দিষ্ট উপায় কারও জানা থাকলে সেই ব্যবস্থাই নেব। এখন সব ম্যাচ তো ভিডিও করা হচ্ছে। এটা তো পাতানো খেলা বন্ধে যথেষ্ট নয়’—নিজের অসহায়ত্বই যেন প্রকাশ করলেন সালাউদ্দিন।