ফুটবলে নজিরবিহীন দলবদল!
কাগজে-কলমে গত ২৬ আগস্ট শুরু হয়েছে ফুটবলারদের দলবদল। গতকাল পর্যন্ত কোনো দলই বাফুফে ভবনে এসে খেলোয়াড় নিবন্ধন করেনি!
হাতে সময় আছে। তাই ঢিলেমি। দলবদলের সময়সীমা ২০ অক্টোবর থেকে বাড়িয়ে করা হয়েছিল ২৩ অক্টোবর। তারপর আরও সময়, এবার ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ক্লাবগুলোকে। লিগ কমিটির সভায় ক্লাব প্রতিনিধিরাই খেলোয়াড় নিবন্ধনের সময় বাড়াতে চাপাচাপি করেন। বাফুফে শক্ত অবস্থান নিতে পারেনি বলেই যত দেরি।
তবে খেলোয়াড় নিবন্ধন গতকাল পর্যন্ত না করলেও ক্লাবগুলো প্রস্তুতিতে নেমে পড়েছে। এখন চলছে বিদেশি খেলোয়াড় পরখ করার পালা। আসলে কয়েক বছর ধরেই ঘরোয়া ফুটবলে দলবদলের সংজ্ঞাটা পাল্টে যাওয়ায় পুরোনো ঐতিহ্য হারিয়ে গেছে। একসময় তিন-চার দিনব্যাপী দলবদল আলোড়ন তুলত দেশের ফুটবলে। সেই দিন এখন শুধুই স্মৃতি-জাগানিয়া।
পেশাদার লিগ চালু হওয়ার পর থেকেই দলবদলের সময় বেশ লম্বা। এখন বড় ক্লাবগুলো অনেক আগেই খেলোয়াড়দের সঙ্গে গোপন চুক্তি করে ফেলে। মজার ব্যাপার, আনুষ্ঠানিকভাবে সই না করেই খেলোয়াড়েরা এখন নতুন ক্লাবের অনুশীলনে যোগ দিচ্ছেন। তারও আগেই ঠিক হয়ে যাচ্ছে, কে কোথায় যাচ্ছেন। তাই খেলোয়াড়দের ঘিরেও আর কোনো কৌতূহল অবশিষ্ট থাকছে না।
যত দূর খবর, লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেলের সভা আছে আজ। এই সভায় তাদের খেলোয়াড় নিবন্ধনের তারিখ ঠিক হবে। রানার্সআপ শেখ জামালের ঘর গোছানো অনেক আগেই শেষ হলেও তারা দলবদল করছে ২৩ অক্টোবর। গত লিগে তৃতীয় এবং চারবারের পেশাদার লিগজয়ী আবাহনী এখনো গুছিয়ে উঠতে পারেনি। তাদের নতুন কোচ নাথান হল গত রাতে ঢাকা এসেছেন। আজ কাজ শুরু করবেন হল, তারপর এ মাসের শেষ দিকে খেলোয়াড় নিয়ে বাফুফে ভবনে আসতে পারে আবাহনী। বিজেএমসি এখনো চূড়ান্তই করেনি কবে দলবদলের আনুষ্ঠানিকতা সারবে। মোহামেডানেরও একই অবস্থা।
ঘরোয়া ফুটবলে দলবদলের এই দীর্ঘসূত্রতায় এখন খেলাও মাঠে গড়াচ্ছে দেরিতে। অন্য বছরের তুলনায় এবার তো মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ ৪ নভেম্বর শুরু হওয়ার কথা। অথচ সারা বিশ্বে নতুন মৌসুম মাঠে গড়িয়েছে মাস দুয়েক আগেই। বাংলাদেশে এই ‘নজিরবিহীন’ দলবদল ফুটবল মাঠে উত্তাপ ফেরাতে সময় নিয়ে ফেলছে অনেক।