ফুটবলে নতুন ক্লাব-জোট
বাংলাদেশের ফুটবলে অতীতে ক্লাব জোট গঠন করার অভিজ্ঞতা সুখকর হয়নি। ক্লাবগুলো নিজেদের মধ্যে ‘জেন্টলমেনস অ্যাগ্রিমেন্ট’ করে খেলোয়াড়দের পারিশ্রমিক কমিয়েছে। ‘পুল’ চালু করে নিজেদের স্বার্থরক্ষায় অনেক কিছুই করেছে। তাই ক্লাবের জোট দেখলে ইতিবাচক ধারণাটা প্রথমে আসে না।এমন প্রেক্ষাপটে আবারও একটা জোট হলো। এটি পেশাদার লিগের নয়টি ক্লাবের জোট। কাল রাজধানীর একটি হোটেলে নয় ক্লাবের আলোচনা শেষে এটি আত্মপ্রকাশ করেছে। জোটের মূল উদ্যোক্তা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, যিনি আহ্বায়ক। জোটের সদস্য বাকি আটটি দলের প্রতিনিধি।মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া গতকাল জানালেন জোট করার উদ্দেশ্য, ‘আসলে ফেডারেশনের ওপর চাপ সৃষ্টির জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করলাম। যখন-তখন খেলা বন্ধ করে ফেডারেশন, নিজেদের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নেয়। ক্লাবগুলোর সঙ্গে কোনো আলোচনা করে না, এই যে সপ্তাহে তিন দিন খেলা দিল ক্লাবের সঙ্গে আলোচনা না করেই। কোনো কিছু নিয়েই আলোচনা করে না। এসব কারণেই ক্লাবগুলোর এক হওয়া দরকার ছিল।’এটা সত্যি, বাফুফে ক্লাবের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করে না। বারবার লিগ বন্ধ হয়। ক্লাবগুলোর খরচ বাড়ে। খেলার সূচি ঠিক থাকে না। নয় দলের লিগে এবার একটি দল ম্যাচ পাচ্ছে মাত্র ১৬টি। ক্লাবগুলো কোটি কোটি টাকা দিয়ে দল গড়েছে লিগে মাত্র ১৬টি ম্যাচ খেলার জন্য নয়। ক্লাবগুলো বলছে, তারা পাতানো খেলা বন্ধ করতে চায়। কিন্তু ক্লাবগুলোই পারস্পরিক সমঝোতায় পাতানো ম্যাচ খেলে। শেখ জামাল ক্লাবকে তো পাতানো খেলার দায়ে বাফুফে আর্থিক জরিমানাও করেছে। সুতরাং মুখে বাফুফের সঙ্গে দর-কষাকষি করে ফুটবল উন্নয়নের কাজ করবে নাকি ভেতরে ভেতরে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই জোট করল ক্লাবগুলো? ভবিষ্যৎই দেবে এই প্রশ্নের উত্তর।