ফুটবলে প্রতারণা-বিতর্ক
ব্যাপারটিকে প্রতারণা ছাড়া আর কিই-বা বলা যেতে পারে? স্পর্শ লাগল শরীরে অথচ দুই হাতে মুখ ঢেকে আইভরিকোস্টের খেলোয়াড় আবদুল কাদের কেইটা পড়ে গেলেন মাটিতে। হাবভাব করতে লাগলেন এমন যে, কাকার স্পর্শে তাঁর চোখ অথবা মুখমণ্ডলের কোথাও গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ‘মনকাড়া’ অভিনয় জয় হলো কেইটারই। কারণ রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ত্যাগের নির্দেশ দিলেন ব্রাজিলীয় সুপারস্টার কাকাকে। যিনি গতকালই নিজেকে ফিরে পেয়েছিলেন স্বমহিমায়।ফুটবলে প্রতারণাও নাকি খেলার একটি অংশ। অনেক সময় পেনাল্টি বক্সের মধ্যে খেলোয়াড়েরা ডাইভ দিয়ে রেফারিকে বোকা বানিয়ে পেনাল্টি আদায় করে নেন। পরে টেলিভিশন রিপ্লেতে অনেক কিছুই হয়তো ধরা পড়ে কিন্তু তাতে কী? ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে যায় পেনাল্টির শাস্তি পাওয়া দলটির! দলগুলোর প্র্যাকটিস সেশনে নাকি প্রতারণামূলক ডাইভিং অনুশীলনও করেন খেলোয়াড়েরা। তাহলে ফিফার এত প্রতিরোধমূলক ব্যবস্থা, এত কড়াকড়ি, তা কি সবই উলুবনে ছড়ানো মুক্তা? এবারের বিশ্বকাপে এ সংক্রান্ত বিভিন্ন ঘটনা পুরো ব্যাপারটিকেই আবার আলোচনার টেবিলে নিয়ে এসেছে।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অনেক আনন্দের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল। কিন্তু ২৯টি ম্যাচ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, এই বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ‘লো স্কোরিং’ বিশ্বকাপ। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপকে বলা হতো ইতিহাসের সবচেয়ে গোলখরার বিশ্বকাপ। সেখানে ম্যাচপ্রতি গোল গড় ছিল ২.২১। এবারের বিশ্বকাপে ম্যাচপ্রতি গোলের সংখ্যা গিয়ে ঠেকেছে ১.৯৭। গোলখরা যতই থাকুক, রেফারিকে প্রতারণার মাধ্যমে ভুল সিদ্ধান্তে বাধ্য করা, এমনকি রেফারির ভুল বাঁশি বাজানো প্রভৃতিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অতীতের অনেক রেকর্ডই ছাড়িয়ে যেতে বসেছে।ফুটবলে প্রতারণার কথা উঠলে ২০০৬ জার্মানি বিশ্বকাপের একটি ম্যাচ আলোচনাতে আসবেই। দ্বিতীয় রাউন্ডে ইতালি বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ছিল গোল শূন্য। অতিরিক্ত সময়ে ইতালির ফরোয়ার্ড ফ্যাবিও গ্রোসো অস্ট্রেলিয়ার বক্সে বল নিয়ে ঢোকার সময় অস্ট্রেলীয় ডিফেন্ডারের বাধার মুখে পড়েন। এ সময় গ্রোসো মাটিতে পড়ে ফাউলের অভিনয় করেন। রেফারি গ্রোসোর প্রতারণায় বিভ্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন। সেই পেনাল্টি থেকেই গোল করে ইতালি কোয়ার্টার ফাইনালে উঠে যায়। পরে ইতালির বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা তো ইতিহাস।সেদিন গ্রোসো যে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, সেটা তিনি পরে সরাসরি স্বীকার না করলেও ইনিয়ে-বিনিয়ে জানিয়ে দেন, বল নিয়ে তিনি যখন পেনাল্টি বক্সে ঢুকছিলেন, ঠিক সেই সময় প্রতিপক্ষ রক্ষণসেনার পায়ের স্পর্শ নিজে অনুভব করার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান। পরে ফুটবল প্লাস ম্যাগাজিনের সঙ্গে একান্ত সাক্ষাত্কারে গ্রোসো এ মন্তব্য করেন।ফুটবলে প্রতারণার আশ্রয় নিয়ে রেফারিকে বিভ্রান্ত করা ফিফার আইন অনুযায়ী শাস্তিযোগ্য। এতে রেফারি সংশ্লিষ্ট খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে, এসব প্রতারণা কখনই টিভি রিপ্লের সাহায্য ছাড়া খালি চোখে ধরা সম্ভব নয়। সে কারণে মাঠে অনেক ‘সর্বনাশা’ প্রতারণাই রেফারির চোখ এড়িয়ে যায়। ফুটবলে এ ধরনের প্রতারণাকে ‘সিমুলেশন’ বলা হয়। এই সিমুলেশনকে খেলার অংশ হিসেবে দেখার ইচ্ছা অনেকেরই। তবে সিমুলেশনের নামে তা যদি নিখাদ প্রতারণায় পরিণত হয়, তা নিয়ে নতুন করে চিন্তিত হতেই পারে ফিফা। যুক্তরাষ্ট্রের রেফারি বোর্ডের পরিচালক পল ট্যাম্বারিনো জানিয়েছেন, তিনি চান না, কোনো প্রকার ‘সিমুলেশন’ ফুটবলের অংশ হয়ে থাকুক।এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই খেলোয়াড়দের প্রতারণার কারণে রেফারির ভুল সিদ্ধান্তে সর্বনাশ হয়েছে কয়েকটি দলের। গত শুক্রবারের যুক্তরাষ্ট্র-স্লোভেনিয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড অ্যাল্টিডোর সিমুলেশনের সাহায্যে রেফারিকে বিভ্রান্ত করে একটি ফ্রি কিক আদায় করে নেন। পরে দেখা গেছে, স্লোভেনিয়ার কোনো ডিফেন্ডারই তাঁকে ফাউল করেননি। সেই ফ্রি কিক থেকে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র।ইতালির সাবেক তারকা আলেসান্দ্রো ডেল পিয়েরো ফুটবলের সিমুলেশন নিয়ে একটি স্ববিরোধী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি ফুটবলে সিমুলেশন-জাতীয় কৌশলের বিরোধী। ২০০৬ সালের বিশ্বকাপে গ্রোসো এমনই একটি ঘটনা ঘটিয়েছিল, যা আমাদের পক্ষে গিয়েছিল। তাতে আমি খুশি হয়েছিলাম। কিন্তু ব্যাপারটি আমাদের বিপক্ষে গেলে আমি দুঃখ পেতাম।’সবচেয়ে আশঙ্কার কথা ফুটবলের এই সিমুলেশন সব সময়ই ভালো ফুটবলারদের ক্ষতিগ্রস্ত করে। গত শুক্রবার মিরোস্লাভ ক্লোসার লাল কার্ড কিংবা জার্মানির ওজেলের বিনা দোষে হলুদ কার্ড পাওয়া তা-ই নির্দেশ করে। আইভরিকোস্টের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর হলুদ কার্ড এমনিতেই খেপিয়ে তুলেছে গোটা পর্তুগাল দলকে। পর্তুগিজ কোচ এ ধরনের ঘটনায় সবচেয়ে বেশি দায়ভার চাপিয়েছেন ফিফার ওপর। তাঁর মতে, ‘ফিফা মাঠে প্রতিভাবান ফুটবলারদের রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ তিনি বলেন, ‘আমি জানি না সিমুলেশন বা প্রতারণা নিয়ে যে আইনটি রয়েছে, তা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় কি না।’অনেক খেলোয়াড় এ প্রতারণার ব্যাপারটি ফুটবলে মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় রেফারিদের দায়ী করেছেন। তাঁদের মতে, রেফারিরা ঠিকই বোঝেন, কোনটা অভিনয় বা কোনটা আসল। কিন্তু কেন যেন তাঁরা আসল সিদ্ধান্তটি নিতে পারেন না।ফুটবলে সিমুলেশন নিয়ে বিতর্ক অতীতে অনেক হয়েছে, বর্তমানেও হচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে, ফুটবল মাঠে এ ধরনের ঘটনা বারবার ঘটেই চলেছে। গতকাল ব্রাজিল-আইভরিকোস্ট ম্যাচে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় কাকার লাল কার্ডে আবারও প্রমাণিত হয়েছে যে, এ ধরনের ঘটনার সবচেয়ে বড় শিকার দলের সেরা তারকাটিই। ফুটবলকে কলুষমুক্ত করতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে ফিফার ব্যবস্থা নেওয়ার সময় বোধহয় চলেই এসেছে। তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা এ ব্যাপারে কী করবে, সেই সিদ্ধান্তের ভার তাদেরই।