ফুটবলে প্রযুক্তি বিতর্ক ও ফিফার সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সেই শটটি ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করার পরও রেফারি ও লাইন্সম্যানের ভুলে গোল পায়নি ইংল্যান্ড। ফুটবলে যদি প্রযুক্তির ব্যবহার থাকত, এরকম পরিস্থিতিতে যদি রেফারি ও লাইন্সম্যানের টিভি রিপ্লে বা এ জাতীয় কিছুর সাহায্য নেওয়ার ক্ষমতা থাকত, তাহলে ইংল্যান্ড-জার্মানি ম্যাচের পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারত। কিন্তু ফুটবল-সংশ্লিষ্টদের অনেকেই ফিফাকে এমন ‘অবিচার’ এড়াতে প্রযুক্তির ব্যবহার শুরু করার আহ্বান জানানোর পরও ব্যাপারটি নিয়ে ফিফার নির্লিপ্ততা মেনে নিতে পারছেন না অনেকেই।এ বছরের শুরুতে ফুটবলের মাঠে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনার টেবিল গরম হয়েছে। কিন্তু সবদিক বিবেচনায় নিয়ে ফিফা জানিয়ে দিয়েছে ফুটবলে কোনো ধরনের প্রযুক্তির ব্যবহারে তারা যাবে না। কিন্তু গত রোববার বিশ্বকাপের দুটি ম্যাচে রেফারিদের ভুলে ইংল্যান্ড ও মেক্সিকো যে খেসারত দিয়েছে, তার পর ব্যাপারটি নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড-জার্মানি ম্যাচে ল্যাম্পার্ডের শটটি গোললাইন অতিক্রম করার পরও গোল না হওয়ায় ফিফার ওপর ক্ষোভ ঝাড়তেই পারেন ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা।প্রযুক্তির ব্যবহার নিয়ে কেন যেন ফিফা বেশ রক্ষণশীল। গত রোববার ফিফার মুখপাত্র নিকোলাস মেইনগট ইংল্যান্ড-জার্মানি ও মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে রেফারি লাইন্সম্যানের ভুলের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। বরং তিনি ফিফা সভাপতি সেপ ব্লাটারের প্রযুক্তির ব্যবহার না করার সিদ্ধান্তটিই সবাইকে মনে করিয়ে দিয়েছেন। এদিকে ফিফা রোববারের দুটি ম্যাচে রেফারিদের ভুল নিয়ে কোনো ধরনের ব্রিফিংয়ের আয়োজনও করেনি। সব মিলিয়ে বিশ্বকাপের আনন্দের মধ্যে হঠাত্ করেই প্রযুক্তি বিতর্ক ফুটবলকে আবার মেঘযুক্ত করে তুলেছে।ফিফার মুখপাত্র নিকোলাস মেইনগটকে প্রশ্ন করা হয়েছিল ফিফা কেন ফুটবলে প্রযুক্তির ব্যবহার শুরু করছে না, যেখানে প্রায় প্রতিটি ম্যাচেই রেফারিদের কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় উঠছে। প্রতিটি ম্যাচেই রেফারিদের ‘মনুষ্য ভুলে’র খেসারত দিতে হচ্ছে দলগুলোকে। বর্তমান বিশ্বে প্রযুক্তি যেখানে আধুনিক থেকে আধুনিকতম হচ্ছে, সেখানে ফুটবলে এর কোনো ব্যবহারই নেই। ব্যাপারটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মেইনগটকে। আমতা আমতা করেই তিনি জানিয়ে দিলেন, এসব নিয়ে কোনো বিতর্ক হোক ফিফা সেটা চায় না। তিনি আরও জানিয়েছেন, ফুটবলে এসব মনুষ্য ভুলের কারণে যে বিতর্ক তৈরি হয়, সে কারণেই ফুটবল অন্য খেলার চেয়ে জনপ্রিয়তায় এতটা এগিয়ে আছে। ফুটবলের সঙ্গে নাকি ‘মাটির টান’ অনেক বেশি।এদিকে ফিফা সভাপতি সেপ ব্লাটার দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন, ‘ফুটবলে প্রযুক্তির ব্যবহার নিয়ে এসে তিনি খেলাটিকে যান্ত্রিক করতে চান না।’ সেপ ব্লাটার রোববারের দুটি খেলাই মাঠে বসে দেখেছেন। খেলা দুটি নিয়ে কোনো ধরনের মন্তব্য তিনি সঙ্গত কারণেই করেননি।ফিফা গতকাল বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের একটি অদ্ভুত প্রস্তাব দিয়েছে। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় ফিফা বলেছে,‘আগ্রহী সাংবাদিকদের প্রতি অনুরোধ, নিজেদেরকে ফুটবল মাঠের লাইন্সম্যানদের জায়গায় একবার কল্পনা করুন। তাহলে আপনারাও বুঝতে পারবেন, তারা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন।’ রয়টার্স।