ফুটবলে ফিরছে বিজেএমসি
শেখ রাসেল-ফরাশগঞ্জ ম্যাচ শেষ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলেন আরিফ খান জয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক খেলা ছেড়েছেন বেশি দিন হয়নি। সম্প্রতি সরকার তাঁকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের পরিচালক পদে নিয়োগ দিয়েছে। এটি যুগ্ম সচিব পদমর্যাদার। চেয়ারম্যানের নিচে চারজন পরিচালকের একজন হচ্ছেন জয়। ক্রীড়া নিয়ে কাজ করার অলিখিত দায়িত্ব তাঁর ওপর। সেই জয় স্টেডিয়ামে এলেন কিছু নিমন্ত্রণপত্র নিয়ে। মাঠের মানুষ মাঠ ছেড়ে সরকারি কাজে ব্যস্ততার ফাঁকে মাঠে। কী ব্যাপার—জানতে চাইলে বললেন, ‘এমন একটা খবর দেব যেটা দেশের ফুটবলের জন্য বড় একটা সুখবরই।’ আর সেই খবরটা হলো, বিজেএমসির নামে বড় বাজেটের একটা ফুটবল দল হচ্ছে। আগামী মৌসুমে দলটি বাংলাদেশ লিগে খেলার আবেদন করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ বলে জানালেন সাবেক মিডফিল্ডার।আগামী ৪ মে জাতীয় ক্রীড়া পরিষদে বড় অনুষ্ঠান করে তারই ঘোষণা দেওয়া হচ্ছে। ক্রীড়াঙ্গন-সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করার জন্য নিমন্ত্রণপত্র নিয়ে বেরিয়েছেন জয়। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন সবাই থাকতে পারেন।শেখ জামাল যেমন এবার বড় বাজেটের দল গড়ে দেশসেরার মর্যাদা পাচ্ছে, বিজেএমসির লক্ষ্যও তাই। দেশের সেরা ফুটবল দল হতে চায় তারা। বাংলাদেশের ফুটবল থেকে অফিস দলগুলো হারিয়ে গেছে অনেক আগেই। বিজেএমসির বড় দায়িত্ব পেয়ে সেই ধারাটা আবার ফিরিয়ে আনাই নিজেদের লক্ষ্য বলছেন জয়।‘৬৪টি জেলা থেকে ১০ জন করে মেধাবী ফুটবলার নিয়ে আমরা তাদের ৮টা বিভাগীয় পর্যায়ে এক মাস প্রশিক্ষণ দেব। ৮০-১০০ জন খেলোয়াড়কে আমরা ঢাকায় এক বছর প্রশিক্ষণ দেব কেন্দ্রীয়ভাবে। সেখান থেকে সেরা ১০ জন খেলোয়াড় নেব বিজেএমসি দলের জন্য। বাকি ৯০ জনকে বিভিন্ন ক্লাবে দিয়ে দেওয়ার পরিকল্পনা আছে’—বলেছেন সরকারি দল আওয়ামী লিগের রাজনীতির সঙ্গে যুক্ত এই ফুটবলার।বাংলাদেশ লিগে খেলার প্রত্যাশা কেন রাখছেন—এই প্রশ্নে জাতীয় দলের সাবেক অধিনায়কের কথা, ‘দেশের ফুটবল উন্নয়নে সরকারি সংস্থাগুলোকে আরও এগিয়ে আসতে হবে। সেই দায়িত্ব থেকেই এই কাজে নেমেছে বিজেএমসি, যাতে করে ফুটবলাররা চাকরি পান বিভিন্ন সংস্থায়।’ পেশাদার লিগ খেলার যত শর্ত আছে সবই আছে বিজেএমসির। আমরা বড় বাজেটের দল গড়ে বাফুফের কাছে আবেদন করব। বিজেএমসির ফুটবলে আবার ফিরলে সেটি থেকে দেশের ফুটবলই উপকৃত হবে।’আশির দশক পর্যন্ত জাতীয় চ্যাম্পিয়নশিপ বা ঢাকা লিগে বিজেএমসি ছিল বড় দল। স্বাধীনতার পর থেকে বিভিন্ন খেলার বড় অবদান ছিল এই প্রতিষ্ঠানটির। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিজেএমসি ফুটবল মাঠ থেকে বিদায় নিয়েছে বহু আগেই। কিছু খেলায় দল থাকলেও আগের সেই জৌলুশ হারিয়ে অনেকটাই ম্রিয়মাণ। উদ্যোগের অভাবেই অমন ভগ্নদশা হয়েছে। জয় এসে সেই উদ্যোটাই নিলেন বলে জানালেন।‘আমাদের বড় অঙ্কের স্পোর্টস ফান্ড আছে। আগে এই টাকা ঠিকভাবে খরচ হতো না। এখন থেকে ওই টাকার সর্বোত্তম ব্যবহার আমরা নিশ্চিত করতে চাই’—বলছিলেন নেত্রকোনার ছেলে। সেটি হলে দেশের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চটা আরেকটু আলোকিতই হবে।