ফুটবলে বাড়ছে ডাচ সহযোগিতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবলে ব্যর্থতার পর দুই ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার প্রায় বসেই আছেন। এ দেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করতে চান দুজনই। কিন্তু বাফুফেই তাঁদের কোনো কাজ দিতে পারছে না। দুই কোচ এবার নেদারল্যান্ডস সরকারের সঙ্গে বাফুফের একটা সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে দিতে আগ্রহী হয়েছেন। এরই অংশ হিসেবে ঢাকাস্থ ডাচ রাষ্ট্রদূত গারবেন ডি ইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসার সুযোগ করে দিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে।
রাজধানীর একটি হোটেলে কালকের অনানুষ্ঠানিক এই আলোচনায় সালাউদ্দিনের সঙ্গী ছিলেন বাফুফের দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও তাবিথ আউয়াল। প্রাথমিক আলোচনায় বাফুফেকে বিভিন্ন সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ডি ইয়ং।
এর আগে সেনেগালের রাষ্ট্রদূত থাকাকালে ডাচ ফুটবল ফেডারেশনের সঙ্গে সে দেশের একটি সুসম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখেন ভদ্রলোক। বাংলাদেশের জন্যও কিছু করার ইচ্ছা জানিয়েছেন, ‘আমি যখন সেনেগালে ছিলাম, তখন ওই দেশের ফুটবলে আমি অনেক সহযোগিতা করেছি। বিশেষ করে ফুটবলের বিভিন্ন কাঠামোগত উন্নয়নে অনেক সাহায্য করেছে ডাচ সরকার। বাংলাদেশকেও আমরা এমন সহযোগিতা করতে চাই।’
গত ২৬ নভেম্বর এফসি টোয়েন্টিতে ট্রায়ালের জন্য হল্যান্ড গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ডি ক্রুইফের মাধ্যমেই সেখানে সুযোগ পেয়েছেন হেমন্ত। এমন আরও প্রতিভাবান তরুণ ফুটবলারকে সুযোগ করে দিতে চান ডি ইয়ং, ‘হেমন্তর মতো তরুণেরা যাতে আয়াক্স, এফসি টোয়েন্টির মতো ক্লাবে সুযোগ পায় সে ব্যবস্থা করতে চাই আমরা। এই ক্লাবগুলো সারা বিশ্বে বেশ জনপ্রিয়।’
ইয়োহান ক্রুইফ ফাউন্ডেশনেও তরুণ ফুটবলার পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছে ডাচ রাষ্ট্রদূত। এই ফাউন্ডেশনের সঙ্গে নাকি বেশ ভালো সম্পর্ক আছে তাঁর। আলোচনার পর বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল জানালেন, ‘স্বল্প ও দীর্ঘ মেয়াদের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ডি ইয়ং। তবে তিনি শর্ত হিসেবে বাফুফের একাডেমিতে ডাচ কোচ নিয়োগের কথা বলেছেন। আমরা অবশ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবছি। আশা করছি, ডাচ ফুটবল থেকে আমরা ভালো সাহায্য পাব।’