ফুটবলে বিদেশি মার্কেটিং এজেন্ট!
স্থানীয় কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নয়, ফুটবলের উন্নতির জন্য বিদেশি মার্কেটিং এজেন্ট খুঁজছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এবং সেটি নাকি তিনি প্রায় পেয়েও গেছেন। ফুটবলের উন্নতির জন্য সবার আগে প্রয়োজন আর্থিক নিশ্চয়তা। সেটি পেতেই বিদেশি মার্কেটিং এজেন্টের দিকে ঝুঁকেছেন বাফুফে সভাপতি। ব্রিটিশ একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের মার্কেটিং এজেন্ট। যদিও তিনি কোম্পানির ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।প্রতিষ্ঠানটির সঙ্গে সালাউদ্দিনের আলোচনা প্রায় চূড়ান্ত, ‘তাদের সঙ্গে আমার কথা হয়েছে। ২ নভেম্বর ঢাকা আসবে তারা।’ এদের প্রধান কাজ কী হবে, কীভাবে বাংলাদেশের ফুটবলে আর্থিক সহায়তা করবে প্রতিষ্ঠানটি, সে ব্যাপারেও কিছু ধারণা দিলেন, ‘এরা বাংলাদেশের ফুটবলকে বাজারজাত করতে আগ্রহী। কীভাবে তা করবে, সেটা সম্পূর্ণই তাদের ব্যাপার।’ হতে পারে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মতো লটারি বিক্রির পরিকল্পনা। হতে পারে, কার্ড, টিকিট কিংবা জার্সি বিক্রিও। সালাউদ্দিন জানালেন, ‘লটারি, কার্ড, জার্সি, টিকিট এসব বিক্রি করে, অথবা অন্য কোনোভাবে তারা ফেডারেশনকে টাকা দেবে।’ প্রাথমিকভাবে ১০ বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি হতে পারে।