ফুটবলে ব্যক্তিনির্ভরতার দিন শেষ: ফন পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ফুটবলে নতুন দিনের উন্মেষ ঘটেছে। কোনো একক নামের ওপর ভর করে বিশ্বকাপ জেতার দিন গত হয়ে গেছে অনেক আগেই। এখন বিশ্বকাপে ভালো করতে হলে প্রয়োজন দলীয় সমঝোতা ও খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া—কোয়ার্টার ফাইনালে ‘বিখ্যাত’ ব্রাজিল দলকে হারানোর পর এমনই উপলব্ধি রবিন ফন পার্সির। এবারের বিশ্বকাপে যে কয়টি নাম নিয়ে ব্যাপক আলোচনা-বন্দনা ছিল, সেই নামগুলোর ওপর অতি ভরসা কাল হয়েছে দলগুলোর। লিওনেল মেসি কেন্দ্রিক আর্জেন্টাইন কৌশল মুখ থুবড়ে পড়েছে জার্মানির সামনে। কাকা ব্রাজিলকে কিছুই দিতে পারেননি। ওয়েন রুনিকে ইতিমধ্যেই বিশ্বকাপের সর্বকালের সেরা ফ্লপদের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর খেলায় দারুণ বিরক্ত পর্তুগিজ কোচ কুইরোজ। অথচ জার্মানি ও হল্যান্ডের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে, এই দলগুলোর সফলতার মূল রহস্য দলীয় সমঝোতা।ডাচ তারকা ফন পার্সিও মনে করে দিয়েছেন ব্যাপারটি, ‘বিশ্বকাপে আর কোনো নির্দিষ্ট তারকার ওপর নির্ভর করে সফল হওয়ার দিন শেষ। এবারের বিশ্বকাপ চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘জার্মানি, হল্যান্ড, স্পেন, উরুগুয়ে—এই চারটি দলেরই সাফল্যের মূলে রয়েছে টিম ওয়ার্ক। এই দলগুলো দেখিয়েছে, সব খেলোয়াড় একসঙ্গে পারফর্ম না করলে আপনি সফল হতে পারবেন না।’পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা—এই তিনটি দলই তিনজন তারকার ওপর অতিমাত্রায় নির্ভরশীল ছিল। রোনালদো, রুনি, মেসি তিনজনই দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন। মেসি কিছুটা পারফর্ম করলেও রোনালদো ও রুনি ছিলেন একেবারেই ফ্লপ। ফন পার্সি মনে করেন, দলগুলোর এই তারকাদের ওপর নির্ভর করাটাই ছিল বোকামি। তবে রোনালদো, রুনি ও মেসির ব্যক্তিগত প্রতিভার ওপর দারুণ শ্রদ্ধা ফন পার্সির। ‘রোনালদো, রুনি, মেসিরা ফুটবলের জন্য আশীর্বাদ নিয়েই আবির্ভূত হয়েছেন।’ বলেছেন পার্সি। রয়টার্স।