ফুটবলে মার্কিন নারীদের হ্যাটট্রিক সোনা
২০০৪ ও ২০০৮ সালের পর এবার ২০১২। লন্ডন অলিম্পিকে গতকাল বৃহস্পতিবার রাতে ফুটবলে সোনা জয়ের হ্যাটট্রিক গড়েছেন যুক্তরাষ্ট্রের নারীরা।হ্যাটট্রিক শিরোপা জয়ের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারায় যুক্তরাষ্ট্র। এটি ছিল মার্কিন নারীদের টানা পঞ্চম অলিম্পিক ফাইনাল।অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, মার্কিনদের সোনা জয়ের নায়ক কার্লি লয়েড। দলের পক্ষে দুটি গোলই করেন এই মিডফিল্ডার। খেলার ৮ মিনিট যেতে না যেতেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন লয়েড। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জাপান। দ্রুত সময়ের মধ্যে বেশ কয়েকটি ভালো সুযোগও পায় দলটি। কিন্তু এর কোনোটিই কাজে লাগাতে সমর্থ হয়নি জাপান। লয়েডের একমাত্র গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে যুক্তরাষ্ট্র।প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও জাপানের জালে বল জড়ান লয়েড। খেলার ৫৪ মিনিটে তাঁর করা গোলে ২-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৯ মিনিট পর একটি গোল শোধ করেন জাপানের ইউকি নাগাসাতো। এরপর আর গোলের দেখা পায়নি যুক্তরাষ্ট্র বা জাপানের কেউই।যুক্তরাষ্ট্রের হ্যাটট্রিক সোনা জয়ের ম্যাচে হ্যাটট্রিক গড়তে চলেছিলেন কার্লি লয়েডও। এ ম্যাচে নিজের তৃতীয় গোলটি তুলে নেওয়ার ভালো একটি সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন লয়েড।