ফুটবলে মার্কিন সেতুবন্ধ
বাফুফের অ্যাস্ট্রো টার্ফে মেয়েদের প্রদর্শনী ফুটবল ম্যাচটি শেষ। কোচের ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রমীলা ফুটবলার লিন্ডা হ্যামিল্টনের সঙ্গে সরস আড্ডায় মেতে উঠেছেন সুইনু, মাইনু, নুবাইরা। পাশেই দাঁড়িয়ে জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী (টিটু)। সুইনুকে দেখিয়ে বললেন, ‘তোমরা একে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পারো। সকার লিগে ভালোই খেলবে ও।’ মেয়েদের দলে উঠল হাসির রোল।
শুধু সুইনুদের সঙ্গেই নয়, এভাবে সব খেলোয়াড়ের সঙ্গে হাসি-ঠাট্টায় সময় পার করলেন যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া সাবেক দুই ফুটবলার টনি সানেহ ও লিন্ডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি ঢাকা এসেছেন দুজন। বয়সভিত্তিক দুটি দলের ৭৫ জন ফুটবলারকে নিয়ে একটি ক্লিনিক পরিচালনা করেছেন তাঁরা।
কর্মসূচির শেষ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে অ্যাস্ট্রো টার্ফে দুটি প্রদর্শনী ম্যাচ হয়েছে গতকাল। এতে সুইনু প্রু একাদশ ১-০ গোলে লিন্ডা একাদশকে এবং বিপ্লব ভট্টাচার্য একাদশকে টাইব্রেকারে ০ (৫)-০ (৪) গোলে হারিয়েছে টনি একাদশ। প্রদর্শনী ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলের জন্য মার্কিন সহায়তা চাইলেন তাঁর কাছে। বিদায়বেলায় গাড়িতে ওঠার আগে মজীনা বললেন, ‘ফুটবল দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সেতুবন্ধন হলো বাংলাদেশের। এখন দেখি ভবিষ্যতে আপনাদের জন্য কী করতে পারি!’