ফুটবলে মেসির আগের 'উৎসাহ' নেই?

শৈশবেই ফুটবলের সঙ্গে বেঁধেছেন প্রাণ, ফুটবলের জন্য ছেড়েছেন ঘর, ছেড়েছেন মাতৃভূমি। সেই ফুটবলে আগের মতো টান অনুভব করেন না লিওনেল মেসি! সাম্প্রতিক সময়ে মেসির গোলখরা ও ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কাতালানদের পরাজয়ে এমন মন্তব্য করেছেন বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের সাবেক সহকারী কোচ আঙ্গেল কাপ্পা।
মেসির এ স্বদেশি বলেন, ‘ফুটবল খেলতে সীমাহীন আবেগ দরকার। ভীষণ আবেগ তো বটেই, সঙ্গে শক্তিও প্রয়োজন। যেটি আসবে খেলাটির প্রতি খাঁটি ভালোবাসা থেকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলা দেখে মনে হলো, কীভাবে একজন খেলোয়াড় এতটা নিরাবেগ হয়ে খেলতে পারে। অথচ তিন-চার বছর আগে খেলাটার প্রতি মেসির ছিল তীব্র আবেগ।’
খেলার প্রতি মেসির আবেগের কমতির কারণ কী? কাপ্পার যুক্তি, ‘জানি না ইনজুরি কিংবা অন্য কোনো কারণে এমনটা হচ্ছে কি না। কেউ যখন বলে, ‘‘একজন খেলোয়াড় অনেক পেশাদার’’। তখন বলি, সে অনেক ‘‘অপেশাদার’’। কেননা নিজেকে অপেশাদার ভাবলে তখন খেলাকে ভালোভাবে হূদয়ঙ্গম করা যায়, আবেগ দিয়ে খেলা যায়। আর যদি খেলোয়াড় নিজেকে পেশাদার ভাবে, তখন সে পারফর্ম করতে পারে না।’
মেসির প্রতিভা নিয়ে কাপ্পার অবশ্য বিন্দুমাত্র সংশয় নেই। বললেন, ‘সে অসাধারণ প্রতিভাময়, জাদুকরি খেলোয়াড়। যেকোনো সময় দুর্দান্ত খেলতে পারে।’ কেবল মেসিই নয়, সাবেক এ সহকারী কোচ মনে করেন, বার্সাও খেলাটার প্রতি আবেগ হারিয়েছে, ‘এতক্ষণ মেসিকে নিয়ে বললাম। বার্সেলোনারও অবশ্য ফুটবলে টান নেই।’ ওয়েবসাইট।