ফুটবলেও সেরা হতে চান বোল্ট!

গতির নেশা ছিল ছোটবেলা থেকেই। হবে নাই-বা কেন! জ্যামাইকা থেকে মাইকেল হোল্ডিং-কোর্টনি ওয়ালশদের মতো ‘গতিদানব’ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উসাইন বোল্টেরও খুব ইচ্ছে ছিল ফাস্ট বোলার হবেন। শেষ পর্যন্ত হয়েছেন স্প্রিন্টার, তর্কযোগ্যভাবে গ্রহের দ্রুততম মানব। সেই অধ্যায়ের ইতি টেনে দিচ্ছেন আগামী আগস্টে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর। অলিম্পিকে ৮টি আর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনার পদক জেতার পর আর কীই-বা পাওয়ার থাকে।
কিন্তু ৩০ বছর বয়সে বুটজোড়াও তুলে রাখতে ইচ্ছা করছে না বোল্টের। ট্র্যাকে তো অনেক হলো, এবার অন্য খেলায় নিজেকে পরখ করে দেখলে কেমন হয়! ফুটবলে আগ্রহের কথা আগেও অনেকবার বলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত সমর্থকদের একজন তিনি। তবে শুধু ফুটবলপ্রেমী হয়ে আর নাকি থাকতে চান না। শীর্ষ পর্যায়ে ফুটবলই খেলার ইচ্ছে তাঁর। সেটিও ফরোয়ার্ড হিসেবে!
হয়তো মজা করেই বলেছেন। এই বয়সে শীর্ষ পর্যায়ের ফুটবলে ক্যারিয়ার গড়ার চিন্তা বোল্টের মতো একজনের জন্যও বাড়াবাড়ি বৈকি! তবে ফ্রান্সের সো ফুট সাময়িকীকে বোল্ট বলেছেন, ‘বিশ্বের সেরা ৫০ ফুটবলারের একজন হওয়ার ইচ্ছে আছে আমার। যদি নিয়মিত খেলার সুযোগ পাই, আমার ইচ্ছা এমন একজন ফরোয়ার্ড হওয়া, যে প্রতি মৌসুমে কমপক্ষে ২০ গোল করবে। আমি কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলেই খেলতে চাই।’
ফুটবল বেছে নেওয়ার কারণটা তাঁর কাছে স্পষ্ট, ‘এই খেলাটা আমি ভীষণ ভালোবাসি। অনেক বছর ধরেই এটা আমার মাথার মধ্যে আছে। গত কয়েক মাসে কয়েকটি ক্লাবের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। যেকোনো একটি ক্লাবে নাম লেখানোর সম্ভাবনা তো আছেই। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত নয়। কী হয় সেটির জন্য আরও অপেক্ষা করতে হবে।’
আপাতত নিজের সামর্থ্য পরখ করে তবেই নেবেন সিদ্ধান্ত, ‘আগে দেখতে চাই যতটা ভালো মনে করছি আমি ততটা ভালো কি না। ফুটবলে শরীরের ওপর অনেক ধকল যায়। আমিও আগের মতো তরুণ নই। তবে আমি মনে করি, কমপক্ষে চার বছর ভালো খেলার সামর্থ্য আমার আছে।’
কিন্তু আসলেই কোন পর্যায়ের ফুটবল খেলার সামর্থ্য আছে তাঁর? সাময়িকীটি প্রশ্ন করেছিল, ফ্রান্সের দ্বিতীয় বিভাগে খেলতে রাজি আছেন বোল্ট? দ্রুততম মানবের উত্তর, ‘কেন নয়? নিজেকে প্রমাণ করতে হলে আমাকে তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। তবে আমি এমন একটা দলে খেলতে চাই, যারা বড় স্বপ্ন দেখে।’ এএফপি।