ফুটবলের অবয়ব বদলে দিয়েছিলেন যিনি

‘বুট পরা পিথাগোরাস!’ পিথাগোরাসের খটোমটো উপপাদ্য করতে গিয়ে যাঁদের জ্বর সেরে যেত, তাঁরা হয়তো অবাক হয়ে ভাবছেন, এ আবার কী! নামটা শুনলে একটু চমকে যেতেই হয়। অবশ্য এই নামের সঙ্গে পিথাগোরাসের কোনো সম্পর্ক নেই। তিনি তো আর ফুটবল খেলতেন না। এই নামের সঙ্গে যাঁর সম্পর্ক, সেই মানুষটা পুরো ফুটবল জগতের চেহারাই বদলে দিয়েছিলেন। ইয়োহান ক্রুইফ, আজ এই দিনে পেশাদার ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর, আজ থেকে ঠিক ৪৯ বছর আগে।
ক্রুইফ ১৯৪৭ সালে আমস্টারডামে জন্মগ্রহণ করেন। প্রতিভার বিচ্ছুরণ ঘটতে বেশি সময় লাগেনি। মাত্র ১০ বছর বয়সে তিনি আয়াক্সের বিখ্যাত যুব একাডেমিতে ডাক পান। এর পরের সময়টা শুধুই তাঁর এগিয়ে চলার গল্প।
১৯৬৪ সালের ১৫ নভেম্বর আয়াক্সের হয়ে তাঁর অভিষেকটা অবশ্য হয়েছিল পরাজয় দিয়ে। দলের ৩-১ গোলের সেই পরাজয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনিই। ১৯৬৪ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত আয়াক্সের হয়ে ২৪০ ম্যাচে ১৯০ গোল করেন। ক্রুইফের খেলায় জাদুর ছোঁয়া এনে দেন আয়াক্স কোচ রাইনাস মিশেলস। এই মিশেলসই আসলে ফুটবলের মানচিত্র বদলে দেওয়া ‘টোটাল ফুটবল’-এর জনক। তবে মিশেলসের মস্তিষ্কের ভাবনাপ্রসূত ছকটা মাঠে কার্যকরভাবে প্রতিষ্ঠা করেন ক্রুইফই।
এই টোটাল ফুটবলের ছকে নিজেকে দুর্দান্ত এক প্লেমেকার হিসেবে প্রতিষ্ঠিত করেন ক্রুইফ। ট্যাকনিক্যাল দক্ষতা, গতি ও ড্রিবলিং প্রতিপক্ষের জন্য ভয়ংকর এক ফুটবলারে পরিণত করে তাঁকে। এই টেকনিক্যাল দক্ষতার কারণেই একসময় ‘বুট পরা পিথাগোরাস’ আখ্যা পান। পিথাগোরাসের জ্যামিতিক রেখার মতোই জটিল সব কৌণিক পাস দিতে পারতেন ক্রুইফ। ক্রুইফের আবিষ্কৃত একটি পদ্ধতি ‘ক্রুইফ টার্ন’ নামেও বিখ্যাত।
১৯৬৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। বলা হতো, ক্রুইফ জাতীয় দলের হয়ে গোল করলে হল্যান্ড কখনোই ওই ম্যাচে হারত না। পুরোদস্তুর স্ট্রাইকার না হলেও ক্রুইফ জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ৩৩ গোল করেছেন। ১৯৭৪ সালের বিশ্বকাপে জীবনের সেরা খেলা খেলেছিলেন। আর্জেন্টিনাকে ৪-০ এবং ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছিল তাঁর দল। দুটি ম্যাচেই ক্রুইফ গোল করেছিলেন। ফাইনালে তাঁর দল মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানির, কিন্তু জার্মানদের অতিরিক্ত ফাউলের কৌশল হল্যান্ডকে নিজেদের খেলাটা খেলতে দেয়নি। এই বিশ্বকাপ এখনো ডাচ ফুটবলের হাহাকারের প্রতীক হয়ে আছে।
আরেকটি বিশ্বকাপ আসার আগেই বিদায় নিয়ে নেন জাতীয় দল থেকে। ১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ বয়কট করেছিলেন তিনি। তখন শোনা গিয়েছিল, আর্জেন্টিনার স্বৈরশাসনের প্রতিবাদেই দেশটিতে যেতে রাজি হননি। তবে ওই বিশ্বকাপের ৩০ বছর পর এসে ক্রুইফ ঘটনাটি নিয়ে মুখ খোলেন। ১৯৭৭-এর সময়টা ক্রুইফ খেলতেন বার্সেলোনায়। এ সময় সেখানে তাঁর বাড়িতে সন্ত্রাসীরা বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছিল তাঁর পরিবারকে। অপহরণ করার চেষ্টাও হয়েছিল। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই বিশ্বকাপে খেলতে যাননি ক্রুইফ। এবার ক্রুইফের অভাব বেশি করে টের পেল হল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও জেতা হলো না শিরোপা!
১৯৮৪ সালে ক্লাব ফুটবল থেকে অবসর নিয়েই কোচিংয়ে চলে আসেন ক্রুইফ। আয়াক্স দিয়েই শুরু। তাঁর কোচিংয়ে ১৯৯৫ সালে আয়াক্স চ্যাম্পিয়ন্স লিগ জেতে। তবে কোচ ক্রুইফের সোনালি সময়টা আসে বার্সার হয়েই। বার্সায় তিনি গড়ে তুলেছিলেন ‘ড্রিম টিম’। এই প্রথম রিয়াল মাদ্রিদকে সত্যিকার অর্থেই কোণঠাসা করতে সমর্থ হয় বার্সা। টানা চার মৌসুম রিয়ালকে দর্শক বানিয়ে জেতে লিগ শিরোপা। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগও জেতে বার্সা।
কোচ হিসেবে দুবার ব্যালন ডি’অর জেতেন। এর আগে খেলোয়াড় হিসেবেও জিতেছেন তিনবার। সব মিলিয়ে পাঁচ পাঁচটি ব্যালন ডি’অর আছে তাঁর বাড়ির ট্রফিকেসে। তাঁর গড়া বার্সার ‘ড্রিম টিম’-এর সদস্য পেপ গার্দিওলা পরে বার্সার কোচ হিসেবে ক্রুইফের সাফল্যকেও ম্লান করে দেন। বার্সা এখন যে ফুটবল খেলছে, তার অনেকটাই ক্রুইফের দর্শনে প্রভাবান্বিত। বার্সার খেলোয়াড় তৈরির বিখ্যাত খামারবাড়ির প্রকল্পও এই ক্রুইফের ভাবনার ফসল।
ক্রুইফ আসলে কী, সেটা বোঝাতে গিয়ে এক ফুটবল লেখক লিখেছিলেন, এমনকি আমস্টারডামের ট্রাফিক-ব্যবস্থা কেমন হবে, সেটি সম্পর্কে লিখিত একটি পরিকল্পনা ক্রুইফ জমা দিয়েছেন নগর পরিকল্পনার দপ্তরে। এ-ই হলেন ক্রুইফ! যাঁর সৌজন্যে ১৫ নভেম্বর দিনটাকে আলাদা করে মনে রাখবে ফুটবল ইতিহাস। ক্রুইফ ফুটবলে না এলে ফুটবলটা হয়তো অন্যরকম হতো!