কিংবদন্তি খেলোয়াড়, টানা তিনবারের ব্যালন ডিঅর জয়ী; এখন সফল ফুটবল প্রশাসক। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে আরেকটি পরিচয় যোগ করে নিতে পারেন—জ্যোতিষী! কোনো রাখঢাক না করেই প্লাতিনি এবারের ইউরো নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর চোখে ২০০৮ ইউরোর ফাইনালেরই পুনরাবৃত্তি হবে এবার। এবারও ফাইনাল খেলবে স্পেন ও জার্মানি।প্লাতিনির ভবিষ্যদ্বাণী ফলে যাচ্ছে কি না, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ১ জুলাই পর্যন্ত। অবশ্য ইউরোর পর্দা ওঠার জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। আজই ইউরোপের সেরা ১৬ দল নিয়ে শুরু হচ্ছে ইউরোপ-শ্রেষ্ঠত্বের ১৪তম আসর। যে আসরে ইতিহাসে অমরত্ব পাওয়ার নেশায় বুঁদ হয়ে মাঠে নামবে ভিসেন্তে দেল বস্কের দল। ইউরো-বিশ্বকাপ-ইউরো—এই শিরোপাত্রয়ী যে জেতেনি কোনো দলই।ইতিহাসের পথে হাঁটতে গিয়ে ইতিহাসই বাধার দেয়াল তুলে দাঁড়াচ্ছে স্পেনের সামনে। টুর্নামেন্টের আধাশতাব্দীর ইতিহাসে টানা দুবার শিরোপা জেতেনি কোনো দলই। স্পেনের জন্য দুঃসংবাদের তো এখানেই শেষ নয়। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়া আর রক্ষণের অভিজ্ঞ সেনানী কার্লোস পুয়োল চোটের কারণে ছিটকে গেছেন। রক্ষণে পুয়োলের শূন্যতা হয়তো পূরণ করে ফেলবে স্পেন। কিন্তু আক্রমণভাগে ভিয়ার শূন্যতা পূরণ করতে পারবেন কি ফার্নান্দো তোরেস? স্প্যানিশ ডিফেন্ডার জাভি মার্টিনেজ অবশ্য দাবি করছেন, ‘ওদের বদলে যাদের দলে নেওয়া হয়েছে, তারাও ভালো করবে, তাদের চেয়ে বেশি ভালোইবা করতে পারবে না কেন? সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুজনের অনুপস্থিতি আশা করব কেউ টেরই পাবে না।’ প্লাতিনির ভবিষ্যদ্বাণী ফলে গেলে জার্মানি নিশ্চয়ই প্রতিশোধের আগুনেই জ্বলবে। গতবারের ফাইনালেই শুধু নয়, স্পেনের কাছে হেরে গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল তাদের। সত্যি বলতে কি, অনেকের দৃষ্টিতে জার্মানি বরং খানিকটা এগিয়ে আছে স্পেনের চেয়ে। তা ছাড়া এবারের ইউরোর দিকে জার্মানরা বুভুক্ষুর মতো চেয়ে আছে। সর্বশেষ যে তারা ইউরো জিতেছিল ১৬ বছর আগে। এটিই তাদের সর্বশেষ বড় কোনো শিরোপা। যাঁর গোল্ডেন গোলে ১৯৯৬ সালে ইউরো জিতেছিল জার্মানি, সেই অলিভার বিয়েরহফ এখন জার্মান দলের ম্যানেজার। দলের সম্ভাবনা সম্পর্কে তিনি বলছেন, ‘আত্মবিশ্বাস অনেক উঁচুতে বাধা। যদিও দল কী করতে পারবে আর কী করতে পারবে না—এ নিয়ে অনিশ্চয়তার একটা দোলাচল আছে। ২০০৬-এ (জার্মানি ছিল বিশ্বকাপ স্বাগতিক) দল মানসিক চাপটা নিতে পারবে কি না সেটি পরিষ্কার ছিল না। তার পরও আমরা তৃতীয় হয়েছিলাম। ২০১০-এ খুবই তরুণতর একটা দল নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম। সবাই মিলে একটা দল হয়ে উঠতে পারবে কি না, সেটাই আমাদের জানা ছিল না।’ এএফপি, রয়টার্স।জার্মানি অবশ্য এবার কঠিন গ্রুপে পড়েছে। হল্যান্ড, পর্তুগাল, ডেনমার্কের সঙ্গে পড়ায় ‘বি’ গ্রুপটাকেই বলা হচ্ছে গ্রুপ অব ডেথ। অবশ্য ইউরোপের সেরা ১৬ দল এই টুর্নামেন্টে খেলে বলে কোনো গ্রুপই শেষ পর্যন্ত সহজ নয়। বিশ্বকাপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বলা হয় বটে, এদিক দিয়ে ইউরোর গ্রুপ পর্ব কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের চেয়েও কঠিন। ‘বি’ গ্রুপের দলগুলোর জন্য সেটি হচ্ছে কঠিনতম। স্পেন আর জার্মানির পরই ফেবারিট হিসেবে আসছে হল্যান্ডের নাম। প্রতিভাবান দল, কিন্তু বড় আসরে পারতে পারতেও পারে না—এই পরিচয় গায়ে সেঁটে যাওয়া হল্যান্ডের একমাত্র শিরোপা ১৯৮৮ সালে। সবচেয়ে তুখোড় আক্রমণভাগ তাদেরই। রবিন ফন পার্সি আর ক্লাস-ইয়ান হান্টেলার ক্লাব মৌসুমে ছিলেন ফর্মের তুঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন পার্সি, বুন্দেসলিগায় হান্টেলার। তাঁদের পাশে আছেন আরিয়েন রোবেন আর ওয়েসলি স্নাইডার।বাজি ধরতে চাইলে এই তিন দলই নিরাপদ। কিন্তু প্লাতিনিদের ফুটবলপ্রজ্ঞাও মাঝেমধ্যে মিথ্যা হয়ে যায় গ্রিসের মতো কোনো দল রূপকথা জন্ম দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে বলে। ফেবারিট-তত্ত্ব সব সময় খাটে না বলেই তো ফুটবল এত অনিশ্চয়তায় মাখা মাধুর্যের আধার!