ফুটবলের উইকিলিকসে বেলের গুমর
উইকিলিকস দিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এবার ফুটবলের সব হাঁড়ির খবর ফাঁস করে দেওয়ার জন্য চলে এসেছে ফুটবললিকস। দুই দিন আগে গ্যারেথ বেলের দলবদলের গুমর ফাঁস করে হইচই ফেলে দিল এই ওয়েবসাইটটি। ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেমের মহাব্যবস্থাপক মার্ক গডার্ড এখন স্বীকার করেছেন, ক্লাবগুলোর দলবদলের হিসাব প্রকাশ্যে আনা উচিত।
রিয়াল মাদ্রিদ দাবি করেছিল, ২০১৩ সালে বেলকে কিনতে ৯ কোটি ১৫ লাখ ইউরো খরচ হয়েছে। কিন্তু ফাঁস হয়ে যাওয়া একটা দলিলে দেখা যাচ্ছে বেলের জন্য আসলে ১০০,৭৫৯,৪১৭ ইউরো (১০ কোটি ৭ লাখ ৫৯ হাজার ৪১৭) খরচ হয়েছে। শুধু বেল নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি মার্শিয়াল, ম্যানচেস্টার সিটির এলাকিম মাঙ্গালা আর জেনিতের হাল্কের দলবদলের বিস্তারিতও প্রকাশ করেছে ফুটবললিকস। মাঙ্গালার ক্ষেত্রেও দলবদলের অঙ্ক সিটি যা দাবি করেছে তার চেয়ে বেশি।
ফাঁস করে দেওয়ার ব্যাপারটিকে অবশ্য ফিফা খারাপ চোখে দেখছে না। গডার্ড তো বলছেন, ক্লাবগুলোর আসল অঙ্কটা প্রকাশের জন্য আলাদা একটা মাধ্যমই থাকা উচিত, ‘সকার লিকসের মতো ওয়েবসাইটের বদলে আমরা যদি একটা দলবদলের একটা সত্যায়নযোগ্য, স্বচ্ছ মাধ্যম পেতাম তাহলে খুবই ভালো হতো। দিন শেষে এই তথ্যগুলো সবাই জানে। কিন্তু সেটা অনানুষ্ঠানিক, অসংগঠিতভাবে হয়। তাতে স্বচ্ছতারও অভাব থাকে। এটা আসলেই ঠিক নয়।’ ফক্স স্পোর্টস, গোলডটকম।