ফুটবলের কপোত-কপোতিরা
ফুটবল গোলাকার। ‘হার্ট’ আকৃতিটাও অনেকটাই তাই। ফুটবলই ভালোবাসা, ভালোবাসাই ফুটবল। তবে ফুটবলারদের অন্দর মহলে ফুটবল ছাড়াও আরও একজনের বাস থাকে। আসুন সেই সব ফুটবলারদের গল্প শুনি, শুধু খেলার কারণে নয়, যাঁদের রোমান্টিক প্রেমও আলাদা করে নজর কাড়ে—

রোনালদো-ইরিনা দুজন দুজনার
ভ্রমর স্বভাবের ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে বহু নারী এসেছে, চলেও গেছে। ব্যতিক্রম ইরিনা শায়াক। একজনের সঙ্গে এর আগে কখনোই এত দীর্ঘসময় ধরে মনের লেনাদেনা করেননি রোনালদো। ডজন দুয়েক নারীর সাথে প্রেম করার পর আপাতদৃষ্টিতে থিতু হয়েছেন রাশিয়ান সুপার মডেল ইরিনার বাহুডোরে। ইরিনাতেই যেন শেষপর্যন্ত খুঁজে পেয়েছেন নিজের স্বপ্নের রাজকন্যাকে।
বছর তিনেক আগে এই ভালোবাসা দিবসেই ইরিনার কাছে প্রেম নিবেদন করেছিলেন রোনালদো। রোমিও রোনালদো প্রেম নিবেদন করতে স্পেন থেকে ছুটে গিয়েছিলেন এক্কেবারে যুক্তরাষ্ট্রে। রোনালদোকে না বলবে এমন সাধ্য আছে কোন নারীর? সুদর্শন, সফল, আকর্ষণীয় রোনালদোর মাঝে ইরিনাও খুঁজে পেলেন স্বপ্নের রাজপুত্রকে। সেই থেকেই চুটিয়ে প্রেম করছেন রোনালদো-ইরিনা জুটি। দুজনই যার যার জগতে সেরা। সময়ের অন্যতম সেরা যুগল হিসেবেও ধরা হয় এই প্রেম জুটিকে। ফুটবল স্টেডিয়ামে, টেনিস গ্যালারিতে, সমুদ্র সৈকতে... এই জুটিকে নিয়মিতই খুঁজে পায় ক্যামেরার চোখ। বাতাসে জোর গুঞ্জন ইরিনা-রোনালদো বিয়ের কাজও সেরে ফেলেছেন। সমপ্রতি ‘ব্যালন ডি আর’ অনুষ্ঠানে ইরিনাকে ‘স্ত্রী’ হিসেবে সম্বোধন করে সেই গুঞ্জন উসকে দিয়েছেন রোনালদো নিজেই।

বেল-এমা, শৈশবের প্রেম
ছেলেবেলা থেকেই ফুটবলটা খুব ভালোবাসতেন। গ্যারেথ বেল ভালোবাসতেন আর একজনকে। স্কুলের হয়ে নিয়মিতই বিভিন্ন টুর্নামেন্টে খেলতেন। গ্যালারিতে থাকতেন সহপাঠী এমা জোনস। মুগ্ধ হয়ে খেলা দেখতেন। এই মুগ্ধতাই রূপান্তরিত হয় ভালোবাসায়! স্কুলজীবন থেকেই ওয়ালশের ছেলে বেল আর কার্ডিফের মেয়ে এমার প্রেম কাব্যের শুরু। হালের তারকা ফুটবলারদের অনেকেই যখন সকাল-বিকাল বান্ধবী বদলান, সেখানে একেবারেই ব্যতিক্রম বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বেলের মনের ডায়েরিতে জ্বলজ্বলে অক্ষর হিসেবে খোদাই করা আছে সেই স্কুল সহপাঠীরই নাম।
আর দশজন ফুটবলারের স্ত্রীর মতো কোনো সুপার মডেল নন এমা। নিতান্তই সাধারণ একজন। এই সাধারণ এমার মাঝে বেল ঠিকই খুঁজে পেয়েছেন অসাধারণত্ব। নিজের বিখ্যাত উদযাপন ‘ইলেভেন হার্টস’ সাধারণ এমার প্রতি বেলের অসাধারণ গভীর অনুরাগের প্রকাশ। এই বিশেষ উদযাপনের মাধ্যমে প্রতিটি গোল এমাকেই উত্সর্গ করেন। একজন সাধারণ মানুষের হূদয় একটাই। এক হূদয় দিয়েই ভালোবাসা যায়। কিন্তু বেল এগারোটি হূদয় দিয়ে এমাকে ভালোবাসেন! এই বিশেষ উদযাপনটিকে গাঁটের অর্থ খরচ করে নিজের সর্বসত্ত্বে সংরক্ষিতও করে রেখেছেন বেল। এই জুটির ভালোবাসার প্রতীক দেড় বছর বয়সী কন্যাসন্তান আলবা।

মেসি-রোকুজ্জো, চিরদিন দুজনার
মাঠের বাইরেও প্রেমিক হিসেবে লিওনেল মেসি কিন্তু সফল। মেসির ভালোবাসার মানুষটির নাম আন্তোনেল্লা রোকুজ্জো। ২২ বছর বয়সী আন্তোনেল্লার সঙ্গে মেসির পরিচয় অনেক আগে। পাঁচ বছর বয়স থেকে আন্তোনেল্লাকে চেনেন তিনি। দুজনই ছিলেন দুজনের ধুলোমাখা শৈশবের খেলার সাথী। ভালোবাসাটা তখন সুপ্তই ছিল। তারপর একদিন বার্সেলোনার ডাকে মেসি পাড়ি জমালেন স্পেনে, আন্তোনেল্লা রয়ে গেলেন আর্জেন্টিনাতেই। মাঝখানে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না।
২০০৯ সালে মেসি যখন আর্জেন্টিনায় ছুটি কাটাতে এলেন, অনেকটা হুট করেই সাক্ষাত্ হয়ে গেল আন্তোনেল্লার সাথে। এই সাক্ষাতে ছেলেবেলার সেই সুপ্ত পূর্ণতা পেল। অতঃপর দুজন দুজনের বাহুডোরে আবদ্ধ হলেন। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন মেসি-আন্তোনেল্লা জুটি। আন্তোনেল্লা বর্তমানে ভালোবাসার মানুষটির সঙ্গে স্পেনেই থাকছেন। থিয়াগো নামের এক ফুটফুটে ছেলেও আছে তাঁদের।

পিকে-শাকিরা, একই ভূবনে দুজনে
জেরার্ড পিকের বয়স ২৬। শাকিরার বয়স ৩৬। শুধু তা-ই নয়, একজন সংগীত জগতের মহা তারকা। ‘মহা’ না হলেও পিকেও তারকা, তবে সেটা ফুটবলের। ভিন্ন দুই ভুবনের বাসিন্দা কি একই ছাতার তলায় আসতে পারেন না। সেই ছাতা যদি দেয় ভালোবাসার শীতল ছায়া? ভালোবাসার টানেই পপ তারকা শাকিরা তখনকার স্বামী আন্তেলিওর সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনে দিয়েছিলেন, এর থেকেই বোঝা যায় কতটা প্রগাঢ় তাদের প্রেম।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। সেই বিশ্বকাপের থিম সং গাওয়ার দায়িত্ব পেয়েছিলেন শাকিরা। সেই গান ‘ওয়াকা-ওয়াকা’ পুরো পৃথিবী মাত করে দিল। কিন্তু গানটির সূত্র ধরে জীবরে রঙও যে বদলে যাবে, শাকিরা নিশ্চয়ই ভাবেননি। এই গানের মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে বন্ধুত্ব হয়ে গেল শাকিরা-পিকের। যা নিয়ে গত বিশ্বকাপের সময়ই মুখোরোচক সব খবর রটেছিল। এক বছর পর সেই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে একসঙ্গে ঘর বাঁধেন দুজনে। ২০১৩ সালে জানুয়ারিতে তাঁদের ছেলে মিলানের জন্ম।