ফুটবলের ক্যাম্পে তিন 'বিদেশি'
আগামী ১ ও ৮ জুন লন্ডনে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওই দুটি ম্যাচের জন্য কাল ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক তালিকাটি বেশ চমক-জাগানিয়া।
এই তালিকায় তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজন ডেনমার্কে বসত গড়া জামাল ভূঁইয়া এর আগেও জাতীয় দলে ডাক পেয়ে ঢাকা ঘুরে গেছেন। কিন্তু ডেকে এনে এই তরুণকে নানা অজুহাতে ফেরত পাঠানো হয়। অন্য দুজন আনন্দ রহমান (অস্ট্রেলিয়া) ও রিয়াসাত (জার্মানি)।
প্রবাসী বাংলাদেশি এই ফুটবলারদের ডাকা হয়েছে কোচ ক্রুইফের আগ্রহেই। এর আগে ডাচ কোচ লন্ডনে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের একটা ম্যাচও দেখেছেন। তাৎক্ষণিকভাবে কাউকে সেভাবে পছন্দ হয়নি বলেছিলেন। তবে এখন দেখা যাচ্ছে এই তিনজনকে ক্যাম্পে দেখতে চান কোচ। ১৫ মে শুরু হবে ক্যাম্প, যদিও ক্রুইফ ঢাকা আসছেন ১৮ মে।
প্রাথমিক তালিকার স্থানীয় তিনটি নাম নিয়ে সবাই বেশ অবাক। শেখ জামালের গোলরক্ষক মোস্তাক, শেখ রাসেলের ডিফেন্ডার নাসির ও রেজাউল পুরোপুরি চোটমুক্ত নন। নাসির সদ্য সমাপ্ত মৌসুমটা চোট নিয়ে কাটিয়েছেন মাঠের বাইরে। এখন জাতীয় দলে ডাক পেয়ে নাসিরও বিস্মিত। তাঁর সঙ্গে বাফুফের কেউ যোগাযোগ পর্যন্ত করেনি, ডাকার আগে জানতে চায়নি তিনি এখন ফিট কিনা। এই প্রতিবেদকের ফোন পেয়ে কাল নাসির বলছিলেন, ‘আমার এখনো একটু সমস্যা আছে। আরও শক্তি ফিরে পেতে হবে। বর্তমান অবস্থা আমি ফেডারেশনকে জানাব, তারপর আমাকে দলে রাখা হলে চেষ্টা করব নিজেকে তুলে ধরতে। তবে ফেডারেশনের কেউ আমার অবস্থা সম্পর্কে জানতে চায়নি।’
ক্রুইফ বরাবরই ফিট খেলোয়াড় চেয়েছেন বাফুফের কাছে। কোনো আনফিট খেলোয়াড়কে যাতে ক্যাম্পে ডাকা না হয় সেটি স্পষ্ট করে বলে যান গতবার এসে। আরও অবাক কাণ্ড, এই খেলোয়াড়দের বাছাই করল কে, তা জানেন না বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বি এ জোবায়ের নিপু, ‘ফেডারেশন থেকে তালিকাটা কে করল, আমি কিছুই জানি না। সাংবাদিকদের ফোন পেয়ে আমি নিজেই অবাক। মোস্তাক ও রেজাউল তো চিকিৎসার জন্য ভারতে গেছে (মোস্তাক গেছেন গতকাল)। কাজেই তাদের কীভাবে ডাকা হলো, এটা আমারও প্রশ্ন। ক্রুইফকে আমি মেইল পাঠিয়ে ব্যাপারটা জানিয়েছি। এখন ফেডারেশনকে আমার পরামর্শ, জিয়া, মোস্তাক, ইয়ামিন মুন্না, আলমগীর রানাকে নেওয়া যেতে পারে।’
আলমগীর রানা নেপালে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলে খেলেছেন। তিনি এখন বাদ। চ্যালেঞ্জ কাপের দল থেকে ডিফেন্ডার মামুন মিয়া, মিডফিল্ডার মারুফ, জামাল, গোলরক্ষক জিয়াও বাতিল। নতুন মুখ বিজেএমসির মিডফিল্ডার ফারুক বাবু ও ব্রাদার্স উইঙ্গার ইউসুফ সিফাত। দলে ফিরেছেন এমিলি, জাহিদ, আরিফ।
২৯ সদস্যের প্রাথমিক দল: সোহেল, ওয়ালি ফয়সাল, মিশু, প্রাণতোষ, কোমল, রনি, মোস্তাক, আরিফুল, নাসির চৌধুরী, রায়হান, মামুন খান, মেজবাবুল মানিক, সোহেল রানা, তপু বর্মণ, রেজাউল, লিংকন, মামুনুল, নাসির, এমিলি, শাকিল, মিঠুন, জাহিদ, কেষ্ট, তকলিচ, ফারুক, সিফাত, জামাল, আনন্দ ও রিয়াসাত।