ফুটবলের জনকদের হাতে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ সালে প্রথমবারের মতো ‘নিজভূমে’ অনুষ্ঠিত হয় বিশ্বকাপের আসর। এই নিজভূম কথাটি নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু এটা তো সত্য ফুটবল খেলার জনক যেহেতু ইংল্যান্ড, তাই ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপকে নিজভূমে আয়োজিত বিশ্বকাপ তো বলাই যায়। নিজের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড বেশ আটঘাট বেঁধেই খেলতে নামে। জর্জ বেস্ট, জিওফ হার্স্ট, ববি চার্লটনের মতো তারকারা এই দলটিতে তো ছিলেনই, বোনাস হিসেবে ছিলেন আলফ রামসের মতো বিচক্ষণ একজন কোচ, তাই নিজের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিতে খুব একটা বেগ পেতে হয়নি ইংলিশদের।১৯৬৬ সালের বিশ্বকাপে প্রতিটি দলই ছিল দারুণভাবে শক্তিশালী। ব্রাজিল ১৯৬২ সালের বিশ্বকাপ বিজয়ী দলটি অপরিবর্তিত রেখেই ইংল্যান্ডে খেলতে এসেছিল। সোভিয়েত ইউনিয়ন এই বিশ্বকাপেও ছিল শিরোপার অন্যতম দাবিদার। পশ্চিম জার্মানি ১৯৫৪ সালেও বিশ্বকাপের চেয়েও অনেক প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে ছিল দুরন্ত এক দল, ইতালি প্রতিবারের মতো এবারও ছিল ফেবারিটের তালিকায়। এ দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল ‘কালো মানিক’ ইউসেবিওর নেতৃত্বাধীন পর্তুগাল দল। যেই দলটিকে পর্তুগালের ফুটবল ইতিহাসের সেরা দল হিসেবে আখ্যায়িত করা হয়। সেবার দলের ফর্ম ও খেলোয়াড়দের ব্যক্তিগত স্কিলের বিচারে পর্তুগালের শিরোপা জয় না করা ছিল বিশ্বকাপের অনেক রহস্যের একটি।১৯৬২ সালে চিলির বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই ফিফা ১৯৬৬ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করে। সেই হিসেবে বিশ্বকাপের ‘জুলেরিমে ট্রফি’ চলে আসে ইংলিশদের জিম্মায়। কিন্তু গোল বাধে বিশ্বকাপ শুরু হওয়ার মাস কয়েক আগে। লন্ডনে জুলেরিমে ট্রফির একটি প্রদর্শনী অনুষ্ঠান থেকে চুরি হয়ে যায় ট্রফিটি। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ছিল আয়োজক ইংল্যান্ড ও ফিফার জন্য বজ্রাঘাতের মতোই একটি ব্যাপার। একে তো একটি মূল্যবান জিনিসের চুরি যাওয়া, তার ওপর বিশ্বকাপ শুরু হতে কয়েক মাস বাকি থাকতে নতুন করে একটি ট্রফির নকশা প্রণয়ন ও সেটা তৈরি করাও ছিল একটি সময়সাপেক্ষ ব্যাপার। ব্যাপারটির সঙ্গে ইংল্যান্ডের জাতিগত মান-মর্যাদাও জড়িত ছিল। ইংল্যান্ড সরকার ব্যাপারটিকে জরুরি ভিত্তিতে সমাধান করার চেষ্টা চালায় ও দেশব্যাপী ট্রফিটি খোঁজার কর্মসূচি ঘোষণা করে, সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়, যেহেতু ট্রফিটি চুরি যাওয়া ইংল্যান্ডের জন্য অবমাননাকর সেহেতু সবাই যেন এই ট্রফিটি খোঁজা এবং এর চোরকে ধরে দেওয়ার ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে। ট্রফিটি খোঁজা নিয়ে যখন সবাই ব্যস্ত তখন ট্রফিটি খুঁজে পায় ‘পিকলস’ নামের একটি কুকুর। পিকলস ট্রফিটি হারিয়ে যাওয়ার সাত দিন পর তার মালিকের সঙ্গে একদিন সকালে প্রাতঃভ্রমণে বের হয়। হঠাত্ রাস্তার পাশের একটি ঝোপের আড়ালে মাটি শুঁকতে শুঁকতে গিয়ে খবরের কাগজে মোড়া অবস্থায় পিকলস হারিয়ে যাওয়া জুলেরিমে ট্রফিটি উদ্ধার করে। ট্রফিটি উদ্ধার হওয়ায় একটি বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পায় ইংল্যান্ড। ফুটবলের কিংবদন্তি পেলের তখন বয়স মাত্র ২৫। ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করা অবস্থায় বিশ্বকাপ খেলতে এসে নির্মম অখেলোয়াড়সুলভ আচরণের শিকার হন তিনি। প্রতিযোগিতায় ব্রাজিলের উদ্বোধনী খেলাতেই বুলগেরিয়ার সঙ্গে তিনি মারাত্মকভাবে আহত হন। এক ম্যাচ পরে শক্তিশালী পর্তুগালের সঙ্গে যদিও তিনি খেলতে নামেন, কিন্তু সেই ম্যাচে ইউসেবিওর দুই গোলে ব্রাজিলকে ৩-১ গোলে হারায় পর্তুগাল। এ পরাজয়ে গত দুবারের চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ’৬৬ সালের বিশ্বকাপের আরও একটি বিস্ময় ছিল এশিয়ার প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে খেলতে যাওয়া উত্তর কোরিয়ার জাদুকরি পারফরম্যান্স। গ্রুপ পর্বে তারা শক্তিশালী ইতালিকে ১-০ গোলে হারায়। এই ম্যাচটিতে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়ার কথা ছিল ইতালির। কিন্তু উত্তর কোরিয়ার অসাধারণ জয় অসম্ভবকে সম্ভব করে বিশ্বকাপ থেকেই বিদায় করে দেয় আজ্জুরিদের। উত্তর কোরিয়া চলে যায় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে খেলার একপর্যায়ে কোরিয়ানরা ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু ইউসেবিও নামের এক অসাধারণ প্রতিভাবান ফুটবলার তাঁর জাদুকরি ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে পর্তুগালকে ৫-৩ গোলে জিতিয়ে দেন। তবে ’৬৬ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার খেলা বিশ্বকাপ ইতিহাসেরই অংশ হয়ে রয়েছে। তবে এত অসাধারণ পারফরম্যান্স করার পরও এই উত্তর কোরিয়া বিশ্ব ফুটবলের মানসপট থেকে এক প্রকার হারিয়েই যায়। যদিও প্রায় ৪৪ বছর পর এবার ২০১০ সালে এই উত্তর কোরিয়া আবারও বিশ্বকাপ ফুটবলে খেলতে আসছে।যা হোক, স্বাগতিক ইংল্যান্ড এ বিশ্বকাপে তাদের প্রতিটি ম্যাচই খেলে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই অবশ্য তারা উরুগুয়ের সঙ্গে ০-০ গোলে ড্র করে। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো ও ফ্রান্সকে হারিয়ে অপরাজিত থেকেই জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হয় আর্জেন্টিনার সঙ্গে। ভূ-রাজনৈতিক কারণেই ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচ সব সময়ই উত্তপ্ত করে তোলে এর পারিপার্শ্বিকতাকে। ’৬৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও এর ব্যতিক্রম ছিল না। শারীরিক শক্তি প্রদর্শনের মহড়া আর স্নায়ুর যুদ্ধের একপর্যায়ে জার্মান রেফারি রুডলফ ক্রেইটলেইন আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। তবে রাতিন রেফারির এ সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং মাঠ থেকে বেরিয়ে যেতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত ফিফার স্প্যানিশ ভাষা জানা কর্মকর্তারা মাঠে এসে অনেক বুঝিয়ে-শুনিয়ে রাতিনকে মাঠ থেকে বাইরে নিয়ে যান। খেলার ৭৮ মিনিটের সময় জিওফ হার্স্ট ইংল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন।খেলা শেষ হওয়ার পর ঘটে আরও একটি বিতর্কিত ঘটনা। খেলা শেষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে দুই দলের খেলোয়াড়েরা যখন একে অন্যের সঙ্গে জার্সি বদল করা শুরু করতে যাবেন এমন সময় ইংল্যান্ড কোচ আলফ র্যামসে দৌড়ে মাঠে ঢুকে ইংল্যান্ডের খেলোয়াড়দের আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে জার্সি অদল-বদল করতে নিষেধ করেন। ব্যাপারটি সম্পর্কে সাংবাদিকেরা র্যামসেকে পরে জিজ্ঞেস করলে তিনি একটি কুখ্যাত উক্তি করেন। উক্তিটি হলো—‘আমরা পশুদের সঙ্গে জার্সি বদল করতে পারি না।’সেমিফাইনালে ববি চার্লটনের দুই গোলে ইংল্যান্ড শক্তিশালী পর্তুগালকে ২-১ গোলে হারায়। অপর সেমিফাইনালে পশ্চিম জার্মানি আরেক ফেবারিট সোভিয়েত ইউনিয়নকে ২-১ গোলে হারায়।জুলাইয়ের ৩০ তারিখে ওয়েম্বলিতে প্রায় ৯৭ হাজার দর্শকের সামনে বিশ্বকাপের ফাইনালে খেলতে নামে স্বাগতিক ইংল্যান্ড ও পশ্চিম জার্মানি। এই ফাইনালটিকে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল ও নাটকীয় ফাইনাল বলে চিহ্নিত করা হয়। জার্মানি এই ম্যাচটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ হিসেবে চিহ্নিত করে। উত্তাপ ছড়িয়ে পড়ে খেলার শুরু থেকেই। খেলার ১২ মিনিটের সময় ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় রে উইলসন একটি বল ফেরাতে ব্যর্থ হলে সুযোগের সদ্ব্যবহার করেন জার্মান স্ট্রাইকার হেলমুট হলার। গোল খাওয়ার পরপরই আহত সিংহের মতো গর্জে ওঠে ইংলিশরা। ছয় মিনিটের মধ্যেই অধিনায়ক ববি মুরের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন জিওফ হার্স্ট। আক্রমণ-প্রতি আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে খেলা। ৭৮ মিনিটের সময় অ্যালান বল কয়েকজন জার্মান খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে পড়ে একটি কর্নার আদায় করে নেন। সেই কর্নার থেকে সৃষ্ট জটলায় মার্টিন পিটার্স টোকা মেরে বল জালে জড়িয়ে দেন। খেলার ৮৯ মিনিটের সময় সমতা ফিরিয়ে আনে পশ্চিম জার্মানরা। উলফগ্যাং ওয়েবার একটি ফ্রি কিক থেকে বক্সের মধ্যকার জটলা থেকে বল পেয়ে গোলরক্ষক গর্ডন ব্রাউনকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের আট মিনিটের সময়ে ইংল্যান্ড তাদের জয়সূচক গোলটি করে। এ গোলটিকে বিশ্বকাপ তো বটেই গোটা খেলাধুলার ইতিহাসেরই অন্যতম বিতর্কিত ও সমালোচিত গোল হিসেবে ধরা হয়। অ্যালান বল পেয়ে তা ডানপ্রান্তে বাড়িয়ে দেন। ডানপ্রান্তে জিওফ হার্স্ট বল ধরে সেখান থেকে তীব্র শট নেন। সেই শট জার্মান গোলরক্ষক তিলকোওস্কিকে পরাস্ত করলেও তা ক্রসবারে লেগে গোললাইনের ঠিক ওপরে পড়ে। ইংল্যান্ডের খেলোয়াড়েরা গোল উদযাপন শুরু করে দেন। তবে জার্মান খেলোয়াড়েরা দৌড়ে রেফারির কাছে গিয়ে গোলের বাঁশি না বাজানোর জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এ সময় সুইজারল্যান্ডের রেফারি গডফ্রে ডাইনেস্ট কোনো সিদ্ধান্ত না দিয়ে লাইন্সম্যানের কাছে দৌড়ে যান। আজারবাইজানের লাইন্সম্যান (যিনি বিশ্বকাপের ইতিহাসে একজন ‘রাশিয়ান লাইন্সম্যান’ হিসেবেই পরিচিত হয়ে আছেন) কোনো প্রকার দ্বিধা ছাড়াই এটিকে গোল হিসেবে ঘোষণা করলে উল্লাসে ফেটে পড়ে পুরো ওয়েম্বলি স্টেডিয়াম। তবে টেলিভিশন প্রযুক্তি মাধ্যমে দেখা গেছে, বলটি কোনোভাবেই গোললাইন অতিক্রম করেনি। জার্মানরা প্রতিবাদী হলেও একপর্যায়ে রেফারি ও লাইন্সম্যানের সিদ্ধান্ত মেনে নেয়। খেলার বাকি সময়ে জার্মানরা ইংলিশদের ওপর চাপ সৃষ্টি করেও গোল শোধ করতে পারেনি। সুইজারল্যান্ডের রেফারি খেলার শেষ বাঁশি বাজালে আনন্দে আত্মহারা হয়ে যায় গোটা ইংল্যান্ড। ফুটবলের জনকেরা শেষ পর্যন্ত ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফিটি হাত দিয়ে ধরার সুযোগ পায়। অধিনায়ক ববি মুর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে আট ইঞ্চি লম্বা, সোনার তৈরি জুলেরিমে ট্রফিটি গ্রহণ করে। টেমসের তীরে তখন আনন্দের বন্যা। উত্সবের ফোয়ারা।