ফুটবলের জয়!
কে জিতল? মোহামেডান? ভুল। কাল বৃষ্টিস্নাত বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবার মুখেই একটাই কথা, ‘ফুটবলেরই জয় হলো!’রুদ্ধশ্বাস উত্তেজনা, গতিময় ফুটবল, টাইব্রেকারের ভাগ্য পরীক্ষা—এ যেন মোহনীয় এক সন্ধ্যা। সেটিকে নিজের করে নিয়ে সবচেয়ে বেশি হাসি মোহামেডান গোলরক্ষক মামুন খানের মুখে। টাইব্রেকারে শেখ রাসেলের দুটি শট আটকে নায়ক ব্রাহ্মণবাড়িয়ার তরুণ। ম্যাচ শেষে আবেগকম্পিত কণ্ঠে বললেন, ‘টাইব্রেকারে যাওয়ার আগে আত্মবিশ্বাস ছিল। নার্ভাস হইনি। কোচ বলেছিলেন, বলের ওপর চোখ রাখবে। এই প্রথম কোনো শিরোপা জিতে অসাধারণ লাগছে।’খানিক দূরে সাক্ষাৎকার দিতে ব্যস্ত সাদা-কালোর কোচ সাইফুল বারী। তাঁর হাত ধরে অনেক দিন পর একটা শিরোপা ঘরে তোলার এই মাহেন্দ্রক্ষণে উৎসবে মাতোয়ারা ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছিল সাইফুলের কণ্ঠ, ‘এই কৃতিত্ব পুরোপুরি খেলোয়াড়দের। মোহামেডান তো খেলতেই চাইছিল না এই সুপার কাপে। কিন্তু ছেলেরা দেখাল, চেষ্টা থাকলে কতটা দূর যাওয়া যায়।’ পরক্ষণেই জয়ের রহস্যটাও জানিয়ে দিলেন, ‘বিদেশি খেলোয়াড় না থাকাই এই জয়ের রেসিপি। কারণ খেলোয়াড়েরা সুযোগ পেয়ে নিজেদের উজাড় করে দিয়েছে।’শেখ রাসেলের চারে চার হলো না। শেষ বিন্দু ঢেলেও মৌসুমের চতুর্থ শিরোপাটা জিততে না পেরে হতাশ নীল শিবির। খেলোয়াড়দের মুখ আষাঢ়ের আকাশের মতোই ভারী লাগল। কোচ মারুফুল হক দুঃখ করা ছাড়া আর কী বলবেন! তবে এই হারের প্রত্যক্ষ কারণটা জানিয়ে বললেন, ‘রক্ষণের ভুলে গোল খেয়েই ম্যাচটা হারলাম।’ একই সঙ্গে তাঁর আক্ষেপ, ‘মৌসুমে তিনটি ট্রফি জেতায় হয়তো খেলোয়াড়-কোচ-কর্মকর্তা কোনো এক পক্ষকে আত্মতুষ্টি পেয়ে বসেছিল।’হার-জিত একপাশে থাকুক, এই ফাইনাল ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তৈরি হওয়া সত্যিকারের ফুটবলীয় আবহটাই তো বেশি মনে রাখার মতো। বেলা তিনটায় মোহামেডান ক্লাবে গিয়ে দেখা গেল, সমর্থকেরা ঢোল-বাদ্য বাজিয়ে আনন্দ করছেন। দলবল নিয়ে মাঠে যেতে সমর্থক নেতা ৫০০ টিকিট চাইলেন এক কর্মকর্তার কাছে। পাশেই বাফুফে ভবন থেকে টিকিট কিনে আনা হলো। তখনো এদিক-ওদিক থেকে অনেকেই খেলা দেখতে টিকিট চাইছেন মোহামেডান কর্তাদের কাছে। সাফল্যবুভুক্ষু সাদা-কালো সমর্থকদের ম্যাচের পর ছুঁয়ে গেল তুঙ্গস্পর্শী আবেগ। কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি সব ভন্ডুল করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। আবহাওয়া বৈরী না হলে গ্যালারি ভরেও যেতে পারত। শেষ পর্যন্ত বৃষ্টির বাধা জয় করে তৃতীয় সুপার কাপের ফাইনাল দেখল ১৫ হাজারেরও বেশি দর্শকে অর্ধেক ছাপিয়ে যাওয়া গ্যালারি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে মোহামেডানের মিডফিল্ডার মোবারক বলছিলেন, ‘আমরা দেশি খেলোয়াড়েরা দেখালাম, সুযোগ পেলে ভালো খেলতে পারি। ভবিষ্যতে তাই বিদেশি ফুটবলার কমানো হোক।’এই দাবিটাই বোধ হয় সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করে গেল এই সুপার কাপ।