ফুটবলের পাশে প্রাইম ব্যাংক
সম্প্রতি প্রিমিয়ার ক্রিকেট লিগের দল ওল্ড ডিওএইচএসকে কিনে নিয়েছে প্রাইম ব্যাংক। এবার এক বছরের জন্য জেলার ফুটবলের পৃষ্ঠপোষণা করতে তিন কোটি টাকা নিয়ে এগিয়ে এল আর্থিক প্রতিষ্ঠানটি। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলন করে তা ঘোষণা করেছে দুই পক্ষ। জেলার ফুটবলের জন্য প্রাইম ব্যাংক টাকা দিচ্ছে ধরে নিয়ে বেশ আগেই কাজ শুরু করেছে বাফুফে। গত ৮ নভেম্বর স্থানীয় একটি হোটেলে বড় অনুষ্ঠান করে জেলাগুলোকে এক লাখ টাকা করে অনুদানও দিয়ে দিয়েছে।ওই অনুষ্ঠানে জেলা লিগ করতে প্রতিটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) তিন লাখ টাকা করে দেওয়ার কথা জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। একই সঙ্গে ফিফার কাছ থেকে পাওয়া বার্ষিক আড়াই লাখ ডলারও জেলা ফুটবল উন্নয়নে খরচ করার ঘোষণা দেন। তার মানে, জেলার দিকে এবার ভালোই নজর পড়ছে বাফুফের।তবে বাফুফের লক্ষ্য অনেক বড়। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্নযাত্রা ‘ভিশন ২০২২’ ঘোষণা করেছেন সালাউদ্দিন। সেই যাত্রায় সঙ্গী হিসেবে পেতে চান প্রাইম ব্যাংককে। কাল বাফুফে-প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেই আশাবাদই রাখলেন তিনি, ‘প্রাইম ব্যাংক শুধু জেলার ফুটবলের পৃষ্ঠপোষকই নয়, এখন থেকে আমাদের উন্নয়ন অংশীদারও। ভিশন ২০২২ সফল করতে আশা করি, ফুটবলের পাশে আমরা প্রাইম ব্যাংককে পাব।’প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা সেই আশার পালে দিয়েছেন হাওয়া, ‘আমরা ফুটবল উন্নয়নে বাফুফেকে আন্তরিক সহযোগিতা করব। ফুটবলকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে প্রাইম ব্যাংক এগিয়ে আসবে, এটুকু আমি বলতে পারি।’ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এহসান খসরুর বক্তব্যেও ছিল একই সুর।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জেলা লিগগুলো শেষ করে বিভাগীয় পর্যায়ে একটা প্রতিযোগিতা হবে। এরপর নির্বাচিত দলগুলোকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এরই মধ্যে কয়েকটি জেলায় লিগ শেষ হয়েছে। কয়েকটি জেলায় চলছে। বাফুফের নির্দেশনা অনুযায়ী বাকিগুলোতে আগামী মাসে শুরু হবে।