ফুটবলের বিস্ময় আফগানিস্তান

ফুটবলের উন্নয়নে নাকি অনেক অর্থ লাগে! ভালো মানের মাঠ অথবা স্টেডিয়াম ছাড়া নাকি ফুটবলে বেশি দূর যাওয়া যায় না। এমন ধারণা যাদের, তারা আফগানিস্তানের ফুটবল নিয়ে একটু পড়াশোনা করে নিতে পারেন। সত্যিকারের কোনো ভৌত সুযোগ-সুবিধা ছাড়াই যে একটি দেশ ফুটবলে তরতর করে ওপরের দিকে উঠে যেতে পারে, তার অন্যতম সার্থক উদাহরণ এই যুদ্ধবিধ্বস্ত দেশটি। দেশটির ঘরোয়া ফুটবল লিগের যাত্রাও শুরু হয়েছে মাত্র গত বছর। দিনের পর দিন গৃহযুদ্ধে ক্লান্ত-বিধ্বস্ত আফগান জাতি প্রমাণ করেছে কোনো রকম সুযোগ-সুবিধা ছাড়াই যে কেউ ফুটবলে বলার মতো উন্নতির স্বাক্ষর রাখতে পারে। তবে ফুটবল উন্নয়নের সঙ্গে ফুটবলের প্রতি ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। আফগানিস্তানের মানুষ এই খেলাটি ভালোবাসে। এই খেলাটি খেলতে জানে। ফুটবলে ভালো করতে দরকার প্রতিভার। আফগানিস্তানে ফুটবল খেলার মতো প্রতিভা যথেষ্ট পরিমাণে আছে বলেই তাদের জন্য কোনো বাধাই বাধা নয়।
কাল ছিল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম গৌরবময় এক দিন। দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতায় আফগানিস্তান কাল শিরোপা জয় করেছে শক্তিশালী ভারতকে হারিয়ে। কাল আফগানিস্তান কেবল একটি শিরোপাই জয় করেনি, জয় করেছে অনেক কিছুই। আফগানরা জয় করেছে বিশ্ববাসীর হৃদয়। সারা বিশ্ব এখন অবাক বিস্ময়ে তাকিয়ে দক্ষিণ এশিয়ার বিবাদ-সংকুল দেশটির দিকে। শুধু প্রতিভা আর ইচ্ছাশক্তির জোরে একটি দেশ যে অসম্ভবকেও সম্ভব করতে পারে, তা আফগানিস্তান বিশ্বকে জানিয়ে দিয়েছে বেশ জোরের সঙ্গেই।

আফগানিস্তানে ফুটবল-চর্চাটা একেবারে নতুন কিছু নয়। ফুটবলটা তারা খেলে অনেক আগে থেকেই। ১৯৫৪ সালে আফগানিস্তান এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির সদস্যপদ লাভ করে। সত্তরের দশকের শেষ পর্যন্ত এশিয়ার বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় নিয়মিতই অংশ নিত আফগানরা। তবে ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের মাধ্যমে দীর্ঘ ও রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধের সূচনা হলে অন্য আর সবকিছুর মতোই ফুটবলটাও চলে যায় মানসপটের আড়ালে। পুরো আশির দশক আফগানিস্তান অনিয়মিত হয়ে পড়ে ফুটবলের বিভিন্ন আসরে। নব্বইয়ের দশকের শুরুর দিকে দেশটিতে তালেবান দখলদারির দামামা বেজে উঠলে খেলাধুলা পরিণত হয় অসম্ভব এক বিষয়ে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানরা আফগানিস্তান পুরোপুরি দখলে নিয়ে নিলে সেখানে খেলাধুলা পরিণত হয় নিষিদ্ধ এক বিষয়ে। স্টেডিয়ামগুলো হয়ে যায় জঙ্গি তালেবানদের বধ্যভূমি। অন্ধকারাচ্ছন্ন এই পাঁচটি বছর আফগানিস্তানে ফুটবলসহ বিভিন্ন খেলা ছিল একেবারেই নিষিদ্ধ। ফুটবল স্টেডিয়ামসহ অন্যান্য খেলার মাঠ তালেবানরা ব্যবহার করত বিচারালয় ও বিচারের রায় কার্যকর করার জল্লাদখানা হিসেবে।
২০০১ সালে মার্কিন হস্তক্ষেপে তালেবান শাসনের পতন হলেও গৃহযুদ্ধের রেশ আফগানিস্তান টেনে যাচ্ছে আজও। আজও কাবুলসহ অন্যান্য আফগান শহর আত্মঘাতী বোমা আর সন্ত্রাসীদের কালাশনিকভের গুলিতে ক্ষতবিক্ষত। গৃহযুদ্ধের ধকল কাটিয়ে আফগানিস্তান যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে ফুটবলে প্রথম আন্তর্জাতিক সাফল্য আফগানদের জন্য হয়ে থাকল এক অনন্য মাইলফলক হিসেবে।
এএফসির সদস্য হওয়ার আরও আগে আফগানিস্তান ফিফার সদস্য হয়। সেটা ১৯৪৮ সালের ঘটনা। আফগান ফুটবল ফেডারেশন গঠিত হয় ফিফার সদস্যপদ পাওয়ারও ২৬ বছর আগে (১৯২২ সালে)। অথচ যুদ্ধ-বিবাদ দেশটিকে সব সময় এমনভাবে ছিঁড়ে খেয়েছে, যা ফুটবলের মতো একটি খেলায় তাদের এগিয়ে যেতে দেয়নি।

আন্তর্জাতিক ফুটবলে আফগানিস্তানের প্রত্যাবর্তনের শুরুটা ছিল আশা-জাগানিয়া। প্রথম সাক্ষাতেই তুর্কমেনিস্তানকে ১-০ গোলে হারিয়ে চারদিকে হইচই ফেলে দেয় তারা। ওই বছরই ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক হয় আফগানিস্তানের। ফেরার প্রথম দিকে আফগানিস্তান প্রতিপক্ষের সহজ লক্ষ্যবস্তু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিবর্তন করেছে। উন্নতি করেছে তারা ধাপে ধাপে। যেহেতু ফুটবল-চর্চাটা এই দেশের অনেক পুরোনো ব্যাপার, তাই তৈরি কিছু খেলোয়াড় তাদের ছিল সব সময়ই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তানের নতুন করে পথচলাটা একেবারে খারাপ নয়।
তারই ধারাবাহিকতায় ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে আফগানিস্তান ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারলেও তারা ঠিকই ইঙ্গিত রাখে চমত্কার এক ভবিষ্যতের। ২০১১ সালে সাফ চ্যাম্পিয়নশিপেও আফগানিস্তান ফাইনালে খেলে। সেবার তারা ভারতের কাছে হেরে সাফল্যবঞ্চিত হয়। তবে সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়ার বাইরে গিয়েও আফগানিস্তান আন্তর্জাতিক অঙ্গনে সফল। গত মার্চে আফগানিস্তান এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অবস্থান করছে শীর্ষে। আফগান ফুটবলের ফিফা র্যাঙ্কিংয়ের সার্থকতাই প্রমাণ করল এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে।
সাফ চ্যাম্পিয়নশিপ জয় আফগানিস্তানের ফুটবলের উন্নয়নেই কেবল অবদান রাখবে না, অবদান রাখবে দেশ গঠনেও। কাল ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আফগানবাসী উপভোগ করে কাঁধে কাঁধ মিলিয়ে। সাফ শিরোপা যেন নিমেষেই জাতি ও গোষ্ঠীগত বিভেদে ক্ষতবিক্ষত আফগানিস্তানকে দেখিয়েছে মুক্তির পথ। এই বিজয় ঐক্যবদ্ধ করেছে গোটা জাতিকেই।
শুরুর সময়ই বলা হয়েছিল, একটি দেশের ফুটবলের উন্নয়নে অর্থ আর অবকাঠামোর বাইরে যা যা প্রয়োজন, তার সবই আছে আফগানিস্তানে। এখন দরকার কেবল সময়। কে জানে, বিশ্ববাসীকে আফগান ফুটবল হয়তো ভবিষ্যতে আরও বড় বিস্ময় উপহার দিতে থাকবে।