ফুটবলের মেয়েরা বদলে দিল জনপদ
পিচ ওঠা, ধুলো ওড়া এবড়োখেবড়ো দীর্ঘ পথ পেরিয়ে কলসিন্দুর স্কুলমাঠে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। গত মঙ্গলবার বিকেলে সোনালি রোদ্দুরে একঝাঁক মেয়ের একাগ্র অনুশীলন দেখেই বোঝা যায় এটাই সেই মাঠ, যেখানে ফুটবলার হওয়ার প্রথম দীক্ষা পেয়েছে তহুরা, মারিয়া, শামসুন্নাহার, মার্জিয়ারা। তারা এখন আলোকিত করছে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল। কদিন আগেই যারা ভারতকে হারিয়ে জিতেছে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের ২৩ জনের মধ্যে ৮ জনই ছিল কলসিন্দুরের মেয়ে। এর মধ্যে ফাইনালে খেলেছে ৬ জন: মারিয়া মান্দা, শামসুন্নাহার, তহুরা খাতুন, মার্জিয়া আক্তার, নাজমা আক্তার ও মাহমুদা আক্তার।
কৃষি, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ঘাট-বন্দর—কত কিছু কেন্দ্র করেই তো এক একটা এলাকা বিকশিত হয়। কিন্তু একদল কিশোরীর দুর্দান্ত ফুটবলশৈলী ভূমিকা রাখছে পিছিয়ে পড়া জনপদের উন্নয়নে, বিস্ময়কর এই ছবি দেখা যায় শুধু কলসিন্দুরে! সারা দেশে যেখানে ক্রিকেটের জোয়ার, সেখানে ব্যতিক্রম কলসিন্দুর। এখানকার মানুষের যাপিত জীবনের কেন্দ্রে শুধুই ফুটবল। সানজিদা-মারিয়া-তহুরারা যেন তাদের স্বপ্নের বাতিঘর।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে—গত তিন-চার বছরে কলসিন্দুরের মেয়েদের সাফল্য নিশ্চয়ই অজানা নয়। ক্রীড়াক্ষেত্রে এমন সাফল্য তো পাচ্ছেন অনেকেই। অন্য জেলা বাদ দিন, এ ময়মনসিংহ থেকেই উঠে আসা মাহমুদউল্লাহ-মোসাদ্দেক হোসেনরা বাংলাদেশ ক্রিকেটে আলো ছড়াচ্ছেন নিয়মিত। তবে খেলোয়াড়ি সাফল্যে একটা জনপদ বদলে দেওয়ায় মারিয়াদের ধারেকাছে কেউ কি আছেন?
একটা সময়ে আঁধারে ডুবে থাকা কলসিন্দুর এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে মেয়েদের সাফল্যের সূত্র ধরেই। ২০১৫ সালে কলসিন্দুরের মেয়েদের নিয়েপ্রথম আলো প্রতিবেদন ছাপে। এ নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়। কলসিন্দুরের নানা সমস্যার কথাও সরকারের নজরে আসে। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদদের উদ্যোগে সেখানে বিদ্যুৎ এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে বিদ্যুতায়ন হয়েছে কলসিন্দুরের প্রায় ৪০ কিলোমিটার এলাকা। কলসিন্দুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন যে দুটি ভবন হচ্ছে, সেটিও ফুটবলারদের সাফল্যের হাত ধরেই।
কলসিন্দুরে বাল্যবিবাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সেখানেও পরোক্ষ অবদান আছে সানজিদা-মারিয়াদের। খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ নিয়ে একটা সময় যে কুসংস্কার ছিল এলাকার মানুষের মধ্যে, সেটিও দূর হয়েছে তহুরাদের সৌজন্যে। কলসিন্দুরের কৃতী ফুটবলাররা যেন খেলার পাশাপাশি পড়াশোনাটাও যাতে এগিয়ে নেয়, সে জন্য গত বছর থেকে ১৯ খেলোয়াড়কে মাসে ১ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে প্রথম আলো। তবে এর মধ্যে সাবিনা আক্তার গত সেপ্টেম্বরে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া প্রথম আলোর বর্ষপূর্তিতে ২০১৫ সালে এই ১৯ ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।
কলসিন্দুর পড়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নে। ইউনিয়ন পরিষদ ভবনটা পড়েছে আবার কলসিন্দুর বাজারেই। মেয়েদের ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি নতুন এক পদক্ষেপের কথা জানালেন। বললেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের নাম “গামারিতলা”বদলাতে চাই। কলসিন্দুর নামটা এখন অনেক আলোচিত। ইউনিয়ন পরিষদের যে বিধিমালা আছে সে অনুযায়ী উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় আমরা নাম বদলে কলসিন্দুর করার প্রস্তাব করব। বিষয়টা জেলা পরিষদ হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে নাম পরিবর্তন সম্ভব।’
প্রবল আগ্রহ, আত্মনিবেদন এবং এলাকার সবার সমর্থনে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে কলসিন্দুর থেকে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া ফুটবলাররা। এই ফুটবলারদের সামনে এখন আগের মতো সামাজিক বাধা নেই কিংবা কিছুটা হলেও ঘুচেছে আর্থিক সমস্যা। কিন্তু ভবিষ্যতে এখান থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় পেতে হলে আরও উদ্যোগী হওয়া দরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের।
যাঁর হাত ধরে মাহমুদা, নাজমা, শামসুন্নাহারদের উঠে আসা, সেই কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন বললেন কিছু সংকটের কথা, ‘আমাদের যে মাঠে মেয়েরা অনুশীলন করে সেটির অবস্থা খুব একটা ভালো নয়। ওদের একটা ভালো ড্রেসিংরুম দরকার, স্কুলেই যেটি করা যায়। এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হওয়া জরুরি। নিতাই নদে একটা সেতু না থাকায় ওপার থেকে অনেক মেয়ে ঠিকমতো আসতে পারে না অনুশীলনে। খেলার সরঞ্জামের সংকটটা থেকেই গেছে।’
তবে সবচেয়ে বড় সতর্কসংকেত হচ্ছে, কলসিন্দুরেও পড়েছে ‘অসুন্দরের’ ছায়া! একটা সময় মফিজ উদ্দিনের তত্ত্বাবধানেই গড়ে উঠেছে ফুটবলাররা। তাঁর অধীনে ২০১৬ সালের জুন পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা একসঙ্গে অনুশীলন করেছে। এখন ধারাটি আর চালু নেই। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তৈরি হয়েছে বিভেদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বললেন, ‘সবাই সুনামের ভাগীদার হতে চায়। এ থেকেই তৈরি হয়েছে বিভেদ-দ্বন্দ্ব।’
এই দ্বন্দ্বে যে ফুটবলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিছিয়ে পড়ছে কলসিন্দুরের ফুটবল, সেটির প্রমাণ গত দুই বছরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপে তাদের ফলাফল ভালো ছিল না। যে দলটি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, তারা কিনা গত দুই বছরে টুর্নামেন্টের আঞ্চলিক পর্বই পেরোতে পারেনি!
জুয়েল মিয়া নামের এক তরুণ কোচের অধীনে মাধ্যমিক দল নিয়মিত অনুশীলন করলেও প্রাথমিক বিদ্যালয়ের দলটির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। অথচ এই দলটিই কলসিন্দুরের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের আঁতুড়ঘর। প্রাথমিক বিদ্যালয় নিষ্ক্রিয় হওয়ার মূল কারণ মারিয়া-তহুরাদের গুরু মফিজ উদ্দিনের ফুটবল থেকে একরকম দূরে সরে যাওয়া। যদিও এ বছরের জুনে ময়মনসিংহের জেলা প্রশাসক বিষয়টির সমাধান করে দিয়েছিলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আগের মতো কলসিন্দুরের দুই বিদ্যালয়ের ফুটবলারদের প্রধান কোচ থাকবেন মফিজ উদ্দিনই। অন্যরা তাঁকে সহযোগিতা করবেন। কিছুদিন এভাবে চললেও পরে সেটি অব্যাহত থাকেনি। একই কথা জানালেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন। তিনি বলেন, মফিজ উদ্দিনকে প্রধান কোচ ও জুয়েল মিয়াকে সহকারী কোচ করা হয়েছিল। কিন্তু এরপর তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় সর্বশেষ অবস্থা জানতে পারেননি।
ফুটবল থেকে দূরে সরে যাওয়া মফিজ উদ্দিন অভিমানী কণ্ঠে বললেন, ‘এখানে মেয়েদের ফুটবল শুরু আমার হাত ধরেই। ওদের প্রতি আমার চেয়ে বেশি দরদ কার থাকবে! একটা মানুষ কতটা প্রতিকূল পরিস্থিতিতে পড়লে এমন সিদ্ধান্ত নেয়, বুঝতেই পারছেন। এই পরিস্থিতিতে আমি যদি ফুটবলে ফিরি, আমাকে বিব্রত হতে হবে। আত্মমর্যাদার দিকে তাকিয়ে ফুটবল থেকে দূরে আছি।’
নিজেদের মধ্যে তৈরি হওয়া এই বিভেদ দূর করাটা ভীষণ জরুরি। যে কলসিন্দুর সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা নিশ্চয়ই পারবে সমস্যাটার সমাধান করতে।