ফুটবলের সীমানা পেরিয়ে দৃষ্টি বস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি পাঁড় বার্সেলোনা সমর্থক হয়ে থাকলে মনটা একটু খারাপই হওয়ার কথা! স্পেনকে সেমিফাইনাল পর্যন্ত তুললেন বার্সার খেলোয়াড় ভেভিড ভিয়া। সেমিফাইনাল পার করালেন বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল। ফাইনাল জেতানো গোল করলেন বার্সারই আন্দ্রেস ইনিয়েস্তা। আর শিরোপা নিয়ে সবার মাথার ওপরে কি না দাঁড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস! সেই ‘রিয়ালেরই লোক’ ভিসেন্তে দেল বস্কেরই কি না ধন্য ধন্য রব পড়ে গেছে চারদিকে!সূক্ষ্ম এই বিভাজন আসলে শেষ পর্যন্ত থাকেনি। কে বার্সার আর কে রিয়ালের—এই হিসাবও কেউ করেনি। কাতালোনিয়া আর মাদ্রিদের সেই চিরায়ত সাংঘর্ষিক ইতিহাস পেছনে ফেলে এই স্পেন এখন লাল পতাকার নিচে এককাট্টা। কোচ ভিসেন্তে দেল বস্কের প্রার্থনা, এই দলে অনুপ্রাণিত হয়ে বিভেদের শেষ রেখাটাও মুছে যাবে, ‘এই দলের খেলোয়াড়েরা স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। আমরা সবাই একতাবদ্ধ। আশা করি, এই ঐক্যবোধের চেতনা পুরো স্পেনে ছড়িয়ে যাবে।’এই টনিকটার বড় দরকার ছিল। স্পেন এমন একসময় শিরোপা জিতল, যখন কাতালোনিয়া রাজ্য আবারও স্বাধীনতার দাবিতে সোচ্চার। ফাইনালের আগের দিন ১০ লাখেরও বেশি মানুষের একটা মহাসমাবেশও হয়ে গেছে। সেই কাতালোনিয়ার প্রতিনিধি ক্লাব বার্সেলোনার আটজন খেলোয়াড় স্পেনের এই দলে। স্পেনের এই দলটা আসলে বার্সেলোনার ফুটবলই খেলে। সৌন্দর্যটাই যার শেষ কথা।স্পেনের ঐক্যের পাশাপাশি দেল বস্ক এই প্রার্থনাও করছেন, স্পেন যেন কখনোই এই সৌন্দর্যটা হারিয়ে না ফেলে, ‘আমাদের প্রচেষ্টা, আমাদের বৈচিত্র্য কখনোই শেষ হবে না। এটা আজীবন থেকে যাবে। আমাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় আছে। মাঠে যখন তারা নামে, নিজেদের সেই প্রতিভার ঝলক তারা দেখিয়ে দেয়।’কিন্তু ফাইনালটিতে সৌন্দর্য আর দেখা গেল কোথায়! একটু খামতি, অপূর্ণতা তো থেকেই গেল। অনেক সমালোচকই এর জন্য দায়ী করছেন হল্যান্ডের ‘মারমুখী আচরণ’কে। দুদলই আগ্রাসী ফুটবল খেলেছে স্বীকার করে দেল বস্ক কারণ হিসেবে মনে করিয়ে দিলেন ফাইনালের অন্তহীন চাপের কথাও। এএফপি।