ফুফুর হাত ধরে ভাইঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেেকই সাফল্য ইতির l প্রথম আলো
অভিষেেকই সাফল্য ইতির l প্রথম আলো

বিচারকের আসনে দেশসেরা মহিলা সাইক্লিস্ট আকাশী সুলতানা। প্রতিযোগী অনেক, কিন্তু জাতীয় পর্যায়ে ৫৯টি সোনাজয়ী আকাশীর চোখ বারবার চলে যাচ্ছে একজনের দিকে। মেয়েটির নাম ইতি খন্দকার। মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাল দিনব্যাপী মহিলা সাইক্লিংয়ে প্রথমবারের মতো খেলতে নামা মেয়েটির পরিচয়, তিনি আকাশীর আপন ভাইঝি। বিচারকের দায়িত্বে থাকলেও তাই আকাশী মাঝে মাঝেই উৎসাহ দিয়েছেন ইতিকে। দিন শেষে ঠিকই ফুফুর মান রেখেছেন ইতি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেমেই চমক দেখানো ইতি কাল সোনা জিতেছেন ৪০০০ মিটার পয়েন্ট রেস (ট্র্যাক), এলিমিনেশন রেস ও ২০০০ মিটার টিম পারস্যুটে। হয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়।
গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের স্নাতকের ছাত্রী ইতি মূলত কাবাডি ও খো খো খেলেন। এলাকার মানুষের কাছেই তাঁর সাইক্লিস্ট পরিচয়টা ছিল অজানা। কিন্তু ফুফুর উৎসাহে সাইক্লিংয়ের অনুশীলন শুরু করেন মাস দুয়েক আগে, ফুফুর সাইকেলটাই ধার করে। ফুফুই তাঁকে পরে শফিপুর আনসার একাডেমিতে অনুশীলনে সাহায্য করেছেন। কাল ইতির সাফল্যে তাই মুগ্ধতা ছড়াল আকাশীর চোখেমুখে। বয়স ৫০ ছুঁয়েছেন। কিছুদিন পরই হয়তো সাইকেল তুলে রাখবেন। ইতির মধ্যেই রেখে যেতে চান নিজের পরিচয়টা, ‘শুধু আমার পায়ের জুতাটাই ওর পায়ে লাগেনি। তা ছাড়া সবই আমি ওকে দিয়েছি। বলেছি, আমার জায়গায় একদিন তুই আসবি।’ ইতির কোচ মোহাম্মদ ফিরোজও আশাবাদী, ‘সাইক্লিংয়ে কেবল অ-আ শিখছে ইতি। ওর আগ্রহ আছে ভালো কিছু করার। আগামী জাতীয় প্রতিযোগিতায় ওকে খেলাব।’
ইতির মতোই কাল নজর কেড়েছে আরেক সাইক্লিস্ট দিনাজপুরের রোমানা ইসলাম। শখের বশে সাইকেল চালিয়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের স্কুলে পড়তে যায়। রাস্তায় বখাটে ছেলেরা তাকে উত্যক্ত করে। কিন্তু তাতে দমে যায়নি রোমানা। ঢাকায় মহিলা সাইক্লিংয়ে অংশ নিয়ে জিতেছে একটি রুপা (৪০০০ মিটার পয়েন্ট রেস) ও ১টি ব্রোঞ্জ (এলিমিনেশন রেস)। দিনাজপুরের সেন্ট ফিলিপস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাইক্লিংয়েই খুঁজেছে সব আনন্দ, ‘মায়ের উৎসাহে ঢাকায় এসেছি। প্রথমবার পদক জিতে খুবই ভালো লাগছে। আমি সাইক্লিং ছাড়ব না।’