ফুরফুরে মেজাজে ঘুরছে শ্রীলঙ্কা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানের ইনিংসের কথা উঠলে এখন থেকে হল্যান্ডের পাশাপাশি চট্টগ্রামের নামটিও উচ্চারিত হবে। হল্যান্ডের ৩৯ লজ্জা যে এখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওই ম্যাচটা জিতে সেমিতে এক পা দিয়েই ফেলেছে শ্রীলঙ্কা। গতবারের ফাইনালিস্টরা তাই নির্ভার। কাল তাই দলটি দু ভাগ হয়ে ঘুরল ছুটির মেজাজে। একটা দল ঘুরে দেখল কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) কিছু শ্রীলঙ্কান প্রতিষ্ঠান। আরেকটা দল গলফ খেলল ভাটিয়ারিতে গিয়ে।
দুই ম্যাচে জয়ী শ্রীলঙ্কা এখন গ্রুপ শীর্ষে। হাতে চার পয়েন্ট, রানরেটও আকাশছোঁয়া হয়েছে হল্যান্ড ম্যাচের কল্যাণে। তবে রানরেট ও গ্রুপ শীর্ষে থাকা শ্রীলঙ্কা সামনের ম্যাচগুলোতেও প্রতিপক্ষকে ছাড় দিতে রাজি নয়। সোমবার রাতে অধিনায়ক দিনেশ চান্ডিমালই জানিয়ে দিয়েছেন সে কথা, ‘আমরা শীর্ষে আছি। তবে সামনের দুটি ম্যাচও আমরা সমান গুরুত্বসহকারে নিচ্ছি।’
শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ ইংল্যান্ড। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের কাছে হেরে ইংল্যান্ড এখন ধুঁকছে। পাঁচ দলের গ্রুপে তারা রয়েছে চারে। শ্রীলঙ্কার মতো কাল তারাও ঘুরে বেড়িয়েছে, ইংলিশদের গন্তব্য ছিল গলফ ক্লাব। অনুশীলন সূচি বাতিল করে ইংলিশরা ঘুরেছে মন থেকে যাবতীয় উদ্বেগ দূরে সরিয়ে রাখতে। তাদের পাশাপাশি নিউজিল্যান্ডও গেছে গলফ ক্লাবে। সেমিফাইনালে ওঠার পথে শ্রীলঙ্কা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার প্রতিযোগিতায় শামিল এখন দক্ষিণ আফ্রিকাও। পরবর্তী ম্যাচ হল্যান্ডের সঙ্গে বলেই কিনা প্রোটিয়ারাও কাল অনুশীলন করেনি।
হল্যান্ড বুঝতে পারছে, প্রথম পর্বের মতো রূপকথার জন্ম দেওয়া হয়তো সম্ভব নয় সুপার টেনে। সামনের তিন ম্যাচে ভালো ক্রিকেট খেলতে চায় তারা, ভুলতে চায় সোমবারের দুঃসহ স্মৃতি। কাল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করল শুধু ডাচরা। বৃহস্পতিবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ইনিংসটি টিকেছিল ৬৩ বল, স্টেইন-মরকেলরা কবল বরাদ্দ রেখেছেন ডাচদের জন্য?