ফুরিয়ে যাননি ফেদেরার!
পিঠে ব্যথা। এতটাই যে সামনের সপ্তাহে রজার্স কাপে খেলতে পারবেন কিনা সংশয় আছে। র্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গেছেন—গত এক দশকে সবচেয়ে বাজে। সর্বশেষ তিনটি টুর্নামেন্টে এমন তিনজনের কাছে হেরেছেন যাঁরা সবাই র্যাঙ্কিংয়ে ৫০-এর বাইরে! তাহলে কি ফুরিয়ে গেছেন রজার ফেদেরার? সোনালি সময় পেছনে ফেলে এসেছেন টেনিসের রাজা? উত্তরটা দিতে গিয়ে সমালোচকদের ওপর যেন ঝাল ঝাড়লেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা, ‘সমালোচনায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা সৎভাবে করতে জানতে হবে। ২০০৯-১০ সালের দিকেও মানুষ বলত, সে সবকিছু জিতেছে ঠিকই কিন্তু এখন শেষ হয়ে গেছে। এগুলো অর্থহীন কথাবার্তা।’‘ফুরিয়ে গেছেন’—কথাটা বাড়াবাড়ি হতে পারে। তবে সময়টা যে ফেদেরারের খারাপ যাচ্ছে, সেটা মোটেও ভুল নয়। র্যাঙ্কিংয়ে গত এক দশকে নিজের সবচেয়ে বাজে অবস্থানে নেমে যাওয়াই তার প্রমাণ। তবে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা জানালেন র্যাঙ্কিং নিয়েও খুব একটা উদ্বিগ্ন তিনি নন, ‘এমন একটা সময় আসে যখন র্যাঙ্কিং আর গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। সত্যি বলছি, আমার নিজের র্যাঙ্কিং এখন কত সেটাও আমি জানি না। চার, পাঁচ, নাকি তিন? আমার কাছে এর খুব একটা মূল্য নেই।’হয়তো সত্যি। হয়তো এই বাজে র্যাঙ্কিং আর শেষ হয়ে যাওয়ার আশঙ্কা মিথ্যা প্রমাণ করে মন্ট্রিয়লের রজার্স কাপেই জ্বলে উঠবেন সুইস টেনিস তারকা। তবে তার আগে যে পিঠের ব্যথা থেকে সেরা উঠতে হবে সেটা কিন্তু অস্বীকার করেননি তিনি, ‘এখন আমার একমাত্র চিন্তা পিঠের ব্যথা থেকে মুক্তি পাওয়া। আমি শতভাগ ফিট হয়ে অনুশীলন করতে চাই। দেখা যাক, পুরোপুরি সুস্থ হয়ে মন্ট্রিয়লে খেলতে পারি কিনা।’ ওয়েবসাইট।