ফুল ও কাঁটায় মরিনহোর রিয়াল-বিদায়
বিদায়ঘণ্টা বেজেছিল আগেই। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্কটা ঝুলেছিল ‘শেষ হইয়াও হইল না শেষ’ অবস্থায়। অবশেষে আনুষ্ঠানিকতাও সারা হয়ে গেল। পরশু ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল মরিনহোর রিয়াল-অধ্যায়। শেষটা হলো জয় দিয়েই। কিন্তু বার্নাব্যুতে বিদায়বেলায় মরিনহো পেলেন ফুল ও কাঁটার বিপরীত অভ্যর্থনা।বার্নাব্যুর তিন-চতুর্থাংশ পূর্ণ গ্যালারির বেশির ভাগই পর্তুগিজ কোচকে বিদায় সম্ভাষণ জানাল দুয়ো দিয়ে! সংখ্যায় কম হলেও রিয়াল সমর্থকদের একটা অংশ যে মরিনহোকে ভালোও বাসতেন, প্রমাণ মিলল তারও। এই অংশটা বিদায়বেলাতেও গলা ফাটিয়ে গেলেন ‘মরিনহো, মরিনহো’ বলে। বার্নাব্যু-প্রস্থানের পথে যা হয়ে থাকল মরিনহোর সবচেয়ে বড় পাওয়া!আসলেই তাই। ক্যাসিয়াস ইস্যুতে শেষ দিকে রিয়াল সমর্থকেরাও মুখ ফিরিয়ে নেয় মরিনহোর দিক থেকে। খেলোয়াড়দেরও বড় একটা অংশের সঙ্গে মরিনহোর দ্বন্দ্বটা ছিল স্পষ্ট। চুক্তির মেয়াদ তিন বছর বাকি থাকতেই সমঝোতার বিদায় এসবেরই সমন্বিত ফল। দল সাফল্য পেলে হয়তো সবকিছুই ঠিকঠাক যেত। কিন্তু কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো মৌসুম মরিনহো বড় কোনো শিরোপা জিততে পারলেন না। তিন বছরে শিরোপা মাত্র তিনটি—কোপা ডেল রে, লিগ ও সুপার কাপ।রিয়ালের তিন বছরে স্প্যানিশ গণমাধ্যমের সঙ্গে মরিনহোর সম্পর্কটা ছিল অম্ল-মধুর। বিদায়বেলায় ‘ফাইনাল’ শটটাও নিলেন মরিনহো। অন্য অনেক ম্যাচের মতো পরশুও ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন এড়িয়ে গেছেন মরিনহো। রিয়ালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। রিয়ালের ৩০ বছর বয়সী ডিফেন্ডার মরিনহোকে জানিয়েছেন শুভকামনা, ‘আমরা তার সিদ্ধান্তকে সম্মান শ্রদ্ধা করি। ক্লাবেরও। তাকে শুভেচ্ছা জানাই।’অবশ্য ম্যাচের আগেই সমর্থকদের অভিনন্দন জানিয়েছিলেন মরিনহো। যথারীতি নিজের স্বভাবসুলভ ভাষায়, ‘সমর্থকেরা ভবিষ্যতে আরও সুখী থাকবে আমি এটাই কামনা করি। অনেক সমর্থককে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানাই এবং অন্যদের সমালোচনাকে সম্মান করি।’শেষ ম্যাচে মরিনহো চমক দিয়েছেন দ্বিতীয় সারির দল নামিয়ে। তাঁর পছন্দের গোলরক্ষক ডিয়েগো লোপেজের চোট সত্ত্বেও ক্যাসিয়াসকে মাঠে নামাননি। তাঁর পরিবর্তে মরিনহো মাঠে নামিয়ে দেন রিয়ালের চতুর্থ গোলরক্ষক জেসাস ফার্নান্দেজকে! শুধু কি ক্যাসিয়াস! সার্জিও রামোস, জাবি আলোনসো, পেপে, ক্রিস্টিয়ানো রোনালদোরাও দর্শক ছিলেন শেষ ম্যাচে। বদলি তালিকায়ও তাঁদের নাম ছিল না। যদিও কারণ ব্যাখ্যা করে মরিনহো বলেছেন, এঁদের কেউই ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না। এএফপি।