ফুল নয়, ফুলহাম ম্যানইউর কাঁটা
প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট চেলসির। প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে এই দুই ম্যাচে ১২ গোল করেছে ‘ব্লু’রা। চ্যাম্পিয়নরা যখন এগিয়ে চলছে দুর্দমনীয় বেগে, অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেল শুরুতেই। পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফুলহামে আটকে গেছে ম্যানইউ। দুবার এগিয়ে গিয়েও ফুলহাম থেকে ২-২ গোলে ড্র করে ফিরতে হয়েছে সর্বোচ্চ ১১ বার প্রিমিয়ার লিগ জেতা দলটিকে।ম্যাচের ১১ মিনিটেই ম্যানইউ এগিয়ে গিয়েছিল পল স্কোলসের গোলে। ৫৭ মিনিটে স্কোলসের সেই গোল ফেরত দিয়ে ফুলহামকে সমতায় ফেরান ডেভিস। ৮৪ মিনিটে হ্যাঙ্গেল্যান্ডের আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় ম্যানইউ। ফুলহামের সমর্থকদের কাছে খলনায়কে পরিণত হওয়া হ্যাঙ্গেল্যান্ড ৫ মিনিট পরই আবার বসেন নায়কের আসনে। কারণ দারুণ এক হেডে ফুলহামের দ্বিতীয় সমতাসূচক গোলটি এই নরওয়েজীয় ডিফেন্ডারেরই দেওয়া।ফুলহামের কাছে ম্যাচটি শেষ পর্যন্ত হ্যাঙ্গেল্যান্ডময়। নরওয়েজীয় এই খেলোয়াড় নিজে এটাকে দেখছেন বড় এক প্রশান্তি হিসেবে, ‘আত্মঘাতী গোলটি করার পর আমি ঘড়ির দিকে তাকালাম। দেখলাম কিছু একটা করার জন্য হাতে ৫ মিনিট সময় আছে। গোলটি শোধ দিতে পারাটা আমার জন্য ছিল দারুণ এক ব্যাপার।’হ্যাঙ্গেল্যান্ড মুক্তি পেলেও নানির বুকে হয়তো পাথরভারই চেপে বসেছে। দলকে জেতানোর সুযোগ পেয়েও তা হারিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি পেয়েছিল ম্যানইউ। নানির নেওয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন ফুলহামের গোলরক্ষক। কোচ ফার্গুসন তাঁর হতাশা চেপে রাখতে পারেননি, ‘আমি ঠিক বুঝতে পারছি না রায়ান (গিগস) মাঠে থাকতে নানি কেন পেনাল্টিটা নিল। ৩-১ করার সুযোগ এনে দেওয়া পেনাল্টিটি মিস করে তো দুটি পয়েন্টই ছুড়ে ফেলা হলো।’পেনাল্টি মিসের চেয়েও ম্যানইউ বেশি ভয় পেতে পারে ‘ফুলহাম’ নামটিতেই। গত মৌসুম থেকে এই নামটি যেন কাঁটাই বিঁধছে ম্যানইউকে। গত মৌসুমে ফুলহামের মাঠ থেকে ০-৩ গোলে হেরে এসেছিল ম্যানইউ। নিজেদের মাঠে ড্র করেছিল ২-২ গোলে। এ মৌসুমেও ফুলহাম-কুফা কাটাতে পারল না ফার্গুসনের দল।এদিকে প্রিমিয়ার লিগকে এবার যেন পেয়ে বসেছে হ্যাটট্রিকের নেশায়। এরই মধ্যে তিনটি হ্যাটট্রিক হয়ে গেছে। প্রথম সপ্তাহে দিদিয়ের দ্রগবা করেছেন হ্যাটট্রিক। গত শনিবার হ্যাটট্রিক করেছেন আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট। আর পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে নিউক্যাসল ৬-০ গোলে জিতেছে ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারলের হ্যাটট্রিকে। এএফপি।