ফুল হয়ে ফুটলেন ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার সেরা তারকা ছিলেন ফ্যাব্রিগাসই ছবি: রয়টার্স।
কাল সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার সেরা তারকা ছিলেন ফ্যাব্রিগাসই ছবি: রয়টার্স।

সেল্টা ভিগোর বিপক্ষে কাল রাতে ফুল হয়ে ফুটেছিলেন সেস ফ্যাব্রিগাস। তাঁর নৈপুণ্যে বার্সেলোনার জয় ৩-০ গোলে। এই জয়ে লা লিগায় বার্সার শীর্ষস্থান অক্ষুণ্নই কেবল নয়, আরও পাকাপোক্ত হলো। প্রতিপক্ষের মাঠে গতকাল আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি আর নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল কাতালানরা। ম্যাচের নবম মিনিটেই অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় জেরার্ডো মার্টিনোর দল। তাঁর গোলের নেপথ্যে অবশ্য আছে ফ্যাব্রিগাসের দারুণ এক শট। সেসের শট সেল্টা ভিগোর গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করেন এই চিলিয়ান স্ট্রাইকার। এটি ছিল এই মৌসুমে সানচেজের ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেই গোল পেয়ে যান ফ্যাব্রিগাস। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর শট বারে লেগে গোলে ঢুকে যায়। এর কিছুক্ষণ বাদেই ফ্যাব্রিগাস নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন। ১১ ম্যাচে এখনো অপরাজিত থেকে বার্সেলোনার অর্জন ৩১ পয়েন্ট। একটি ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। অ্যাটলেটিকোর চেয়ে ৫ পয়েন্ট পেছনে আছে রিয়াল মাদ্রিদ। তাদের অবস্থান তৃতীয়। আজ বুধবার রাতে নিজেদের মাঠে রিয়াল মুখোমুখি হবে গ্রানাডার। সূত্র: রয়টার্স।