ফুলহামের সঙ্গে ড্র করল ম্যানইউ
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল গতবারের রানার আপ ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যালেক্স ফার্গুসনের দল।প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় বার্বাটোভের পাস থেকে দূরপাল্লার শটে গোল করে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন পল স্কোলস। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল শোধ করেন ফুলহাম স্ট্রাইকার সাইমন ডেভিস।এরপর বেশ কিছু সুযোগ তৈরি করলে সেগুলো থেকে গোল করতে পারে নি ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকাররা। শেষ দুইটা গোলই করেছেন ফুলহাম ডিফেন্ডার হানগেল্যান্ড। প্রথমবার বল জড়িয়েছেন নিজেদের জালেই। ৮৩ মিনিটে ম্যানইউ স্ট্রাইকার নানির কর্নার কিক থেকে হানগেল্যান্ডের পায়ে বল লেগে বল জড়ায় ফুলহামের জালে। ২-১ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তিন মিনিট পরেই পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় রেড ডেভিলরা। কিন্তু পেনাল্টি থেকে নেওয়া নানির শট রুখে দেন ফুলহাম গোলকিপার ডেভিড স্টকডেল। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে খেলায় সমতা ফেরান ফুলহামের হানগেল্যান্ড। নড ডাফের কর্নার কিক থেকে হেড করে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়ান হানগেল্যান্ড। সকারনেট