ফেঁসে গেলেন তেভেজ!
প্রতিপক্ষ খেলোয়াড়, কোচ বা সমর্থকদের সঙ্গে অশোভন আচরণ করেননি। নিজ দলের কারও সঙ্গেও বিবাদে জড়াননি। তবু ফেঁসে গেলেন ম্যানসিটি স্ট্রাইকার কার্লোস তেভেজ।৪৪ বছর অপেক্ষার পর গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উত্সবে মাতে ম্যানসিটি। উত্সবের উন্মাদনার মধ্যে তেভেজকে একটি পোস্টার দেন এক ভক্ত। ভক্তকে খুশি করতেই যেন পোস্টারটি উঁচিয়ে ধরেন তেভেজ। বিপত্তি ঘটে এখানেই!পোস্টারে লেখা ছিল—আর.আই.পি ফার্গি। এখানে আর.আই.পি হলো ‘রেস্ট ইন পিস’ এর সংক্ষেপিত রূপ। কথাটি মৃত মানুষের উদ্দেশ্যে ব্যবহূত হয়। এমন লেখা সংবলিত পোস্টার প্রদর্শনের দায়ে সমালোচনার মুখে পড়েছেন তেভেজ। পুরো ঘটনায় আর্জেন্টাইন এই স্ট্রাইকারের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছে তাঁর ক্লাব ম্যানসিটি।প্রশ্ন হলো, কেন পোস্টারে এমন কথা লিখতে গেলেন ম্যানসিটির ওই সমর্থক? কারণ, ফার্গুসনের করা এক মন্তব্য। মৌসুমের শুরুতেই ম্যানইউ কোচ মন্তব্য করেছিলেন, অন্তত তিনি বেঁচে থাকা পর্যন্ত লিগ শিরোপার দেখা পাবে না ম্যানসিটি!ফার্গুসনকে নিয়ে করা সিটি-ভক্তের পোস্টারটি তাঁর একান্তই ব্যক্তিগত। প্রশ্ন উঠেছে, তেভেজের মতো একজন খেলোয়াড় কেন সেটা নিলেন? আর নিলেও কেন তিনি সেটা সবার সামনে তুলে ধরলেন? গোল ডটকমের খবরে বলা হয়েছে, পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করে ম্যানসিটির একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের রুচিহীন বক্তব্য সব সময়ই তিরস্কারযোগ্য। পোস্টার নিয়ে এবং সেটার প্রচারণা চালিয়ে কার্লোস বড় ভুল করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্যার অ্যালেক্স ফার্গুসন ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ক্ষমা প্রার্থনা করছে ম্যানসিটি।