ফেঁসে যাচ্ছিলেন নাইনগোলান

জনপ্রিয়তার বাজারে এখন আর শুধু মাঠের পারফরম্যান্সের ওপর কেউ ভরসা রাখেন না। মাঠ ও মাঠের বাইরে নিজেদের তারকামূল্য বাড়াতে কত কিছুই না করেন খেলোয়াড়েরা। নিজেদের ‘রাফ অ্যান্ড টাফ’ বোঝাতে প্রায়ই উদ্ভট চুলের সাজ নেন, বিচিত্র সাজগোজ করেন। বেলজিয়ান মিডফিল্ডার রাজা নাইনগোলানও এই পথের পথিক। কিন্তু এ সাজসজ্জার কারণেই ‘সন্ত্রাসী’ আখ্যা পেয়ে গিয়েছিলেন প্রায়। স্পেন বনাম বেলজিয়াম প্রীতি ম্যাচটি নিরাপত্তার কারণে ভেস্তে গেছে, তখনই ঘটেছে এ ঘটনা। ম্যাচ উপলক্ষে স্থানীয় এক হোটেলে উঠেছিলেন নাইনগোলান, তাঁর বেশভূষা দেখে অন্য অতিথিদের মধ্যে সন্দেহ জাগে, ‘সন্ত্রাসী নয় তো!’ ডেকে আনা হয় পুলিশ। নাইনগোলান মাঠ থেকে ফিরে দেখেন তাঁর অপেক্ষায় বসে আছেন তিনজন পুলিশ কর্মকর্তা! কপাল ভালো, পুলিশ কর্মকর্তারা ফুটবলের খোঁজখবর রাখেন। নাইনগোলানকে দেখেই ভুলটি বুঝতে পারেন তাঁরা। অপ্রীতিকর কিছু ঘটেনি, বরং একসঙ্গে ছবি তুলেই ঘটনার ইতি টেনেছেন। ইন্ডিপেনডেন্ট