ফেঁসে যাচ্ছেন শ্রীনিবাসনের জামাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদমাধ্যমের মুখোমুখি খুব একটা হননি। তবে আইপিএলের ময়দানে তিনি পরিচিত মুখ। চশমা চোখে সৌম্যদর্শন লোকটির নিয়মিত উপস্থিতি ছিল চেন্নাই সুপার কিংসের ডাগ-আউটে। দলের কর্ণধারদের একজন হিসেবে লোকে চিনত তাঁকে। নিজের টুইটার পেজে পরিচয় লিখে রেখেছিলেন, ‘টিম প্রিন্সিপাল, চেন্নাই সুপার কিংস।’ অথচ এই গুরুনাথ মাইয়াপ্পন নাকি দলের কেউ নন! সুপার কিংসের মালিকপক্ষ ইন্ডিয়া সিমেন্ট কাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘মি. গুরুনাথ মাইয়াপ্পন চেন্নাই সুপার কিংসের কর্ণধার, প্রধান নির্বাহী বা টিম প্রিন্সিপাল কিছুই নন। টিম ম্যানেজমেন্টের একজন সাম্মানিক সদস্য মাত্র।’

 এভাবে হঠাৎ দূরে ঠেলার কারণ, জেরা করার জন্য গতকাল মাইয়াপ্প্ননকে ডেকেছিল মুম্বাই পুলিশের অপরাধ শাখা। পরে তাঁকে গ্রেপ্তারও করে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার হওয়া বলিউড অভিনেতা বিন্দু দারা সিংয়ের স্বীকারোক্তি থেকে বেরিয়ে এসেছে মাইয়াপ্পনের নাম। দুজনের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জিজ্ঞাসাবাদে দুজনকে মুখোমুখি করানোর কথা বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

 স্পট ফিক্সিং বিতর্কে নতুন এক মোড়ে এনেছে মুম্বাই পুলিশের এই তলব। কারণ, ইন্ডিয়া সিমেন্টের মালিক ও বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা এই মাইয়াপ্পন। বোর্ড সভাপতির ফ্র্যাঞ্চাইজি আইপিএলের সফলতম দল, এ নিয়ে কানাঘুষা ছিল আগে থেকেই। সেই সব আলোচনা আরও পানি পাবে এখন। শ্রীনিবাসনের পদত্যাগের দাবি উঠছে।

মাইয়াপ্পন চেন্নাইয়ের কিছু নয় বলে ইন্ডিয়া সিমেন্ট দাবি করলেও তা ধোপে টিকছে না। মাঠে ঢোকার জন্য ‘গোল্ড’ অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে মাইয়াপ্পনকে, যা থাকে শুধু দলের মালিকদের। ওয়েবসাইট।