ফেড কাপে সহজ পরীক্ষা
ঘরোয়া ফুটবলে অনেক দলই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজ যশোর ও ফেনীতে শুরু মৌসুম সূচক প্রতিযোগিতা ফেডারেশন কাপের বাছাইপর্ব এর বড় একটা উদাহরণ। গতবার নকআউটভিত্তিক বাছাইয়ে খেলেছে ১২টি দল। এবার সময় বাড়িয়ে শেষ পর্যন্ত দল পাওয়া গেছে ৯টি।প্রথমে ঢাকার বাইরের দলগুলো অনীহা দেখিয়েছে। ঢাকার দল ওয়ারী, ভিক্টোরিয়াও পরে হেঁটেছে একই পথে। ফেড কাপের বাছাইয়ে সেনা, নৌ ও বিমানবাহিনী নিয়মিতই খেলত। এবার এই তিনটি দলও নেই। গতবার খেলা চট্টগ্রাম আবাহনী, বিয়ানীবাজারও এল না।টুর্নামেন্টটি শুরুর কথা ছিল গত ৩১ আগস্ট। কিন্তু তা পিছিয়ে ১২টি দলকে নিয়ে ১২ সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত হয়। পরে সেটিও বদল হয়। কারণ শেষ মুহূর্তে অগ্রণী ব্যাংক নাম প্রত্যাহার করেছে। ফলে বাফুফে পড়েছে মহা বিপাকে।বাফুফের নতুন প্রতিযোগিতা কমিটি দায়িত্ব নিয়ে এই প্রথম বাছাইপর্ব ঢাকার বাইরে আয়োজন করছে। ফেনীতে দল আছে চারটি—নোয়াখালী ফুটবল একাডেমি, রহমতগঞ্জ ও ফেনী রামপুর বয়েজ, রংপুর ডিএফএ। যশোরে খেলছে, বিকেএসপি, খুলনা আবাহনী, বাংলাদেশ পুলিশ, যশোর ডিএফএ ও উত্তর বারিধারা। এখান থেকে সেরা ৬টি দল যোগ দেবে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। নয় থেকে ছয়—প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা কেমন হবে তা বোঝাই যায়। একেবারেই সহজ পরীক্ষার মঞ্চ। দুই ভেন্যু থেকে তিনটি করে দল উঠবে চূড়ান্ত পর্বে। ফেনীতে দলই আছে চারটি। তার মধ্যে তিনটি ওঠা মানে তো হেসেখেলেই চূড়ান্ত পর্বের টিকিট পাওয়া। চূড়ান্ত পর্বে নামবে পেশাদার লিগের ১০টি দল। সেই প্রস্তুতি এরই মধ্যে দু-একটি দল বাদে অন্যরা শুরু করে দিয়েছে। বড় দলগুলো মাঠে নামলেই ঘরোয়া ফুটবলের আসল উত্তাপটা পাওয়া যাবে। একবার পিছিয়ে চূড়ান্ত পর্ব ৫ অক্টোবর শুরুর কথা ছিল। কিন্তু ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইওনিয়ার লিগ উদ্বোধন করতে সময় দিয়েছেন। তাই এটি উদ্বোধনের এক-দু দিন পর চূড়ান্ত পর্ব শুরু করতে চায় বাফুফে।