ফেড কাপের চূড়ান্ত পর্বও পেছাল
কোনো আয়োজনই সময়মতো করতে পারছে না বাফুফে। ফেডারেশন কাপের বাছাইপর্ব গত ৩১ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে মাঠে গড়াবে ১২ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব এ মাসের শেষ দিকে শুরুর কথা ছিল। সেটিও পিছিয়ে চলে গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে।কাল পেশাদার লিগের ক্লাবগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসেছিল বাফুফের পেশাদার লিগ কমিটি। আলোচনা শেষে লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘জাতীয় দলের নেপাল সফরের কারণে আমরা সময়মতো জাতীয় দলের খেলোয়াড়দের পাচ্ছি না। ফলে ক্লাবের প্রস্তুতিতেও একটু সমস্যা হবে। এ কারণেই ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বটা কয়েক দিন পর শুরু করব।’তাঁর দেওয়া তথ্য, এ বছর ভেন্যু ব্যবস্থাপনা নামে একটি কমিটি করবে ফেডারেশন, যাতে পেশাদার লিগের খেলা ভালোভাবে শেষ করা যায়। তবে ভেন্যু বাড়ানোর জন্য বাফুফের নিজস্ব কোনো উদ্যোগ এবারও নেই। উপরন্তু টাঙ্গাইলকে এবার ভেন্যু করছে না বিজেএমসি। তবে শোনা যাচ্ছে, বিজেএমসি অন্য কোথাও ভেন্যু করার চিন্তাভাবনা করছে। হতে পারে তা খুলনা। গোপালগঞ্জে ভেন্যু করার প্রস্তাব পেয়েছে মুক্তিযোদ্ধা। তারা সেখানে গিয়ে সুযোগ-সুবিধা দেখে সিদ্ধান্ত নিতে চায়।ওদিকে সালাম জানিয়েছেন, বিদেশি খেলোয়াড় আনতে এবার ক্লাবগুলোকে বাফুফের আগাম ছাড়পত্র নিতে হবে ভিসার জন্য।