ফেডারেশন কাপ ফাইনালে রাসেল ও জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের সেমিফাইনালে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে শেখ জামাল। এখন শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হবে গতবারের শিরোপাজয়ীরা।খেলার শুরুতেই গোল করার একটা মোক্ষম সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। প্রতিপক্ষের গোলপোস্টের সামনে একেবারে ফাঁকায় বল পেয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে সেটা পাঠাতে পারেননি মুক্তিযোদ্ধার স্ট্রাইকার বিপ্লব। প্রথমার্ধের ৪০ মিনিটে শেখ জামালকে প্রথম গোলটি এনে দেন নাইজেরীয় স্ট্রাইকার মাইক ওতোজারেরি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল শোধ করার সুযোগ পেয়েছিলেন মুক্তিযোদ্ধার ব্রাজিলীয় স্ট্রাইকার থিয়াগো সিলভা। কিন্তু তাঁর নেওয়া শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। ৮৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে শেখ জামালের জয় নিশ্চিত করেন অরূপ বৈদ্য।শক্তিশালী আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল শেখ জামাল। আর এর মধ্য দিয়ে তারা নিজেদের শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। আজ সেমিফাইনালে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় পেতেও খুব একটা ঘাম ঝরাতে হয়নি ফেভারিটদের। এখন ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবে শেখ জামাল।