ফেডারেশন কাপে মোহামেডানের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল তারাই। ১০ বার এই শিরোপা ঘরে তুলেছে মোহামেডান। তবে টানা চতুর্থবারের মতো ফাইনালের আগেই বিদায় নিতে হলো ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটিকে। আজ কোয়ার্টার ফাইনালে তাদের ৩-১ গোলে হারিয়ে শেষ চারে উঠে গেছে গতবারের রানার্স আপ শেখ জামাল।
শেখ জামালের জয়ের নায়ক সনি নর্দে। জোড়া গোল করেছেন এই নাইজেরিয়ান। ৩৪ মিনিটে দল এগিয়ে দিয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটিও তাঁর। তখনই ম্যাচটি একরকম শেষ হয়ে গিয়েছিল। ৮৩ মিনিটে ৩-০ করে ম্যাচে মোহামেডানের ফেরার পথ বন্ধ করে দেন মামুনুল। অবশ্য শেষ দিকে চুকো চার্লসের সৌজন্যে সান্ত্বনার একটি গোল পায় মোহামেডান।
ম্যাচের নায়ক নর্দে অবশ্য চোট নিয়ে মাঠ ছেড়েছেন। হাসপাতালেও নিতে হয়েছে তাঁকে। অবশ্য চোটটি কত গুরুতর সেটি এখনো জানা যায়নি।