ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলস সময় কাটানো জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ ও সহকারী রেনে কোস্টার দুজনই কাল এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফেডারেশন কাপে বিকেএসপি-পুলিশের প্লে-অফ ম্যাচটি দেখলেন প্রেসবক্সে বসে। কিন্তু নিরুত্তাপ ম্যাচটি খুব বেশি সময় তাঁদের ধরে রাখতে পারেনি, মাঝবিরতিতেই তাঁরা ছেড়ে যান স্টেডিয়াম।
ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে কাল পুলিশ ২-০ গোলে হারিয়েছে বিকেএসপিকে। ২২ নভেম্বর মূলপর্বে পুলিশের প্রথম প্রতিপক্ষ বিজেএমসি। গত মৌসুমেও পুলিশ মূলপর্বে খেলেছিল ফেডারেশন শিল্ডের আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে। এবারও মৌসুমের শুরুটা তাদের ভালোই হলো।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় পুলিশ সদস্যদের বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকতে হয় রাজপথে। এ জন্য ভালো অনুশীলনের সুযোগ পাননি অনেকে। মাত্র এক মাসের অনুশীলন। তার পরও বিকেএসপিকে হারাতে এতটুকু কষ্ট হয়নি পুলিশকে। ২৭ মিনিটে প্রথমে দলকে এগিয়ে নেন পুলিশের আমিরুল ইসলাম (১-০)। জহিরুলের শটটি বিকেএসপির গোলরক্ষক মাহফুজের হাতে লাগে। ফিরতি শটে বল জালে পাঠান আমিরুল। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওই জহিরুল। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি রোহিত সরকার। তাঁর দুর্বল শট ফিরিয়ে দেন পুলিশের গোলরক্ষক আজম। পুলিশের কোচ সেলিম খান জয়ের কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘এভাবে হরতালের ডিউটি করেও যে এত ভালো খেলেছে ছেলেরা, এতে আমি খুশি।’