ফেডারেশন কাপের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস বিরতির পর অবশেষে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। ২৩ ডিসেম্বর গ্রামীণফোন ফেডারেশন কাপের নৌবাহিনী-কক্স সিটি ম্যাচ দিয়ে পর্দা উঠবে নতুন মৌসুমের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলনকক্ষে ফেডারেশন কাপের প্রাথমিক পর্বের ড্রও হয়ে গেল গতকাল।বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের ৭টি দল, চারটি সার্ভিসেস দল ও বিকেএসপি—সব মিলিয়ে ১২টি দলকে নিয়ে শুরু হবে ফেডারেশন কাপের নকআউটভিত্তিক বাছাইপর্ব। এখান থেকে পাঁচটি দল উঠবে চূড়ান্ত পর্বে, যেখানে অপেক্ষায় রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১টি দল।বাছাইপর্ব থেকে একটি করে ম্যাচ খেলেই চূড়ান্ত পর্বে উঠে যাবে চারটি দল। তবে পঞ্চম দলটিকে উঠতে হবে দুটি ম্যাচ খেলে। অর্থাৎ ওই দলটিকে খেলে আসতে হবে অতিরিক্ত একটি প্লে-অফ। ২৭ ডিসেম্বর বিয়ানীবাজার-ওয়ারী ম্যাচের বিজয়ীদের সঙ্গে প্লে-অফ খেলবে বিকেএসপি-সেনাবাহিনী ম্যাচের জয়ীরা। প্লে-অফের বিজয়ী দলটিই অন্য চার দলের সঙ্গী হয়ে উঠবে চূড়ান্ত পর্বে। ১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে চূড়ান্ত পর্বে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।প্রাথমিক পর্বের সব ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে চূড়ান্ত পর্ব হতে পারে কমলাপুর ও বঙ্গবন্ধু দুই স্টেডিয়ামেই। যদিও চূড়ান্ত পর্ব শুরু করার সম্ভাব্য তারিখ জানাতে পারেনি বাফুফে। বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর অনুমান, ‘আগামী মাসের ১২-১৩ তারিখে শুরু হতে পারে।’আট লাখ টাকা প্রাইজমানির ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে সালাম মুর্শেদী ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি, সদস্য হারুনুর রশীদ ও বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা