ফেডারেশন কাপের প্রাপ্তি-অপ্রাপ্তি
আবাহনী-মোহামেডানের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ অনেক আগেই। মুক্তিযোদ্ধা-শেখ রাসেল-ব্রাদার্সও আর বিকল্প শক্তি নয়। এসে গেছে শেখ জামাল। নতুন আবির্ভাব বিজেএমসির। ঘরোয়া ফুটবলে এবার ছয়টি দলের যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে! পরশু শেষ হওয়া গ্রামীণফোন ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে চারজন। প্রত্যেকেরই গোল চারটি করে। সবাই আফ্রিকান। দেশি স্ট্রাইকাররা যথারীতি অনেক পেছনে। আগের চেয়েও বিদেশিদের দাপট বেড়েছে! প্রথম বিষয়টি ঘরোয়া ফুটবল নিয়ে স্বপ্ন দেখাবে যে কাউকেই। কিন্তু দ্বিতীয়টি উদ্বেগের। দেশের ফুটবল কোন পথে—এই চিন্তার রেখাও অনেকের কপালে ভাঁজ ফেলতে পারে। শুধু তা-ই নয়, ফেডারেশন কাপে সেরা খেলোয়াড়ও একজন আফ্রিকান। মৌসুমসূচক টুর্নামেন্টের সব পুরস্কারই উঠেছে বিদেশিদের হাতে। মৌসুম শুরুর আগে বলাবলি হচ্ছিল, বিদেশিদের দাপটের আড়ালে ঢাকা পড়বেন স্থানীয় খেলোয়াড়েরা। কার্যত সেটিই হয়েছে। ফেডারেশন কাপ কী তাহলে এই অশুভ বার্তাই দিয়ে গেল এবার? এই প্রশ্ন যাঁর সামনেই তোলা হয়েছে, প্রত্যেকেই ‘হ্যাঁ’-বোধক উত্তর দিয়েছেন। তবে পাওয়া না-পাওয়ার তালিকায় এটিই সর্বাগ্রে নয়। ঘরোয়া ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার দিকটির ওপরই বেশি আলো ফেলছেন সবাই। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা সবার মনেই একটা আশার বীজ বুনেছে মৌসুমের প্রথম টুর্নামেন্টটা। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামের বিচারে ইতিবাচক দিক, ‘সামনে লিগ। ফেডারেশন কাপের অভিজ্ঞতায় মনে হচ্ছে, ছয়টি দল সমানতালে লড়বে। শেখ জামাল-বিজেএমসির ফেডারেশন কাপের ফাইনালে খেলার অর্থ, লিগে যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে। আগে হঠাৎ কোনো দল জায়ান্ট হয়ে যেত। এবার দেখছি ছয়টি দল জায়ান্ট। এটা দেশের ঘরোয়া ফুটবলে বিরাট অগ্রগতি।’ এর জন্য প্রশংসা পাওয়া উচিত বিজেএমসির। ১৯৮৩ সালের পর ফুটবলে ফিরেই দলটির প্রথম টুর্নামেন্টেই ফাইনালে খেলা পালাবাদলের ইঙ্গিতবাহী মনে করছেন অনেকে। আবাহনী-মোহামেডান-মুক্তিযোদ্ধার বাইরে শেখ জামালের শ্রেষ্ঠত্ব ঘরোয়া ফুটবলে দিনবদলের একটা সূচকও, যা দেখে বিজেএমসির ম্যানেজার আরিফ খান জয় খুবই খুশি, ‘ঘরোয়া ফুটবলে আকর্ষণ ফেরাতে ভালো খেলাই সবচেয়ে বড় ফ্যাক্টর। এই ফেডারেশন কাপে সেই আকর্ষণটা ছিল। যা আশার দিক।’চ্যাম্পিয়ন শেখ জামালের কোচ সাইফুল বারী আলাদা করে বলছেন তাঁর পর্যবেক্ষণ, ‘শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, খেলার মানেও অনেক উন্নতি দেখা গেছে ফেডারেশন কাপে। কয়েকটি ম্যাচ খুবই ভালো ছিল। বিজেএমসি আগাগোড়া দারুণ খেলেছে। তা ছাড়া স্থানীয় খেলোয়াড়দের সামর্থ্যের প্রমাণও পাওয়া গেছে এই টুর্নামেন্টে।’ কিন্তু বিদেশিদের দাপটে চিন্তিত সবাই। শেখ জামালের অধিনায়ক আমিনুল যেমন বলছেন, ‘আগে শুধু স্ট্রাইকারই আনত দলগুলো। এখন রক্ষণেও দাঁড় করিয়ে দিচ্ছে বিদেশি। মাঝমাঠেও তাই। এই ব্যাপারটা ঘরোয়া ফুটবলের জন্য ভালো নয়। ফেডারেশন কাপে সেটিই দেখলাম আমরা। এভাবে চললে সামনে তো জাতীয় দলই গড়া যাবে না!’ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন শুরু থেকেই বলে আসছেন, ‘বিদেশিদের সঙ্গে ফাইট করেই দলে আসবে স্থানীয়রা।’ ফেডারেশন কাপ শেষেও তাঁর অবস্থানে হেরফের নেই, ‘স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ফাইটিং স্পিরিট তৈরি করবে বিদেশিরা। লড়াই করেই দলে আসতে হবে। ফেডারেশন কাপে যা হয়েছে, আমি স্থানীয়দের আরও ভালো খেলার আহ্বান জানাই।’শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য মনে করিয়ে দিলেন বহু পুরোনো বিষয়, ‘ফেডারেশন কাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ছিল শক্ত। মনে হয়েছে যত্নের অভাব।’ সাইফুল বারীর হতাশা, ‘প্রত্যাশিত দর্শক আসেনি। তা ছাড়া খেলার সূচিটা দুদিন আগে না দিয়ে এক মাস আগেই দেওয়া উচিত।’ শফিকুল ইসলামের চাওয়া, ‘রেফারিং যেন বিতর্কমুক্ত থাকে। ফেডারেশন সবাইকে সমান চোখে দেখুক।’আগামী ১ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু। ফেডারেশন কাপের প্রতিদ্বন্দ্বিতার ঝোড়ো বাতাস বয়ে যাক লিগেও।