ফেডারেশনের অদ্ভুত সিদ্ধান্ত
হাস্যকর এক সিদ্ধান্ত! পাঁচ হাজার মিটারে চট্টগ্রামের আমির আলী ও সেনাবাহিনীর জামরুল ইসলামকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে অ্যাথলেটিকস ফেডারেশন। গত শুক্রবার সোনা জিতেও শেষ পর্যন্ত এক পাক কম ঘোরার অভিযোগ এনে আমির আলীকে সোনাবঞ্চিত করা হয়। পরশুই লিখিত প্রতিবাদ জানায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ওই রাতেই ফেডারেশন জরুরি সভা ডেকে দুজনকে যুগ্ম চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত নেয়। আমিরকে সোনা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি শাস্তি দেওয়া হয়েছে প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল খালেককে। সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারায় কালই দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিয়ে প্রধান বিচারকের দায়িত্ব দেওয়া হয় রাজিয়া সুলতানা অনুকে। ফেডারেশনের সব কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে আবদুল খালেককে। কাল সারা দিন আবদুল খালেককে মাঠে দেখা যায়নি। ভিআইপি গ্যালারিতে বসে চুপচাপ খেলা দেখেছেন। ফেডারেশনের এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সেনাবাহিনীর কোচ কিতাব আলীর হয়েছে লঘুদণ্ড, শুধু মৌখিকভাবে সতর্ক করা হয়েছে তাঁকে।আরেকজনের সঙ্গে শ্রেষ্ঠত্ব ভাগাভাগির বিস্ময়কর সিদ্ধান্তে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা খুব খুশি নয়, আবার অখুশিও নয়। দলের ম্যানেজার মোহাম্মদ হারুন জানালেন, ‘এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া কিছুই করার ছিল না। ওর (আমির) সোনা ফিরে পাওয়াতেই আমরা খুশি। এখন এটা নিয়ে খুব বেশি ঝামেলা আমরা চাইছি না।’ তবে ‘ঝামেলা’টা কী হতে পারে, সেটি তিনি বলতে পারলেন না। ফেডারেশনের সহসভাপতি আলী ইমাম তপন দিলেন একটা খোঁড়া যুক্তি, ‘একজনকে বাদ দিয়ে অন্যজনকে চ্যাম্পিয়ন করলে সেনাবাহিনী আপত্তি করত। এটা নিয়ে তখন আইএএফে (আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন) অভিযোগ করলে সেখানেও দৌড়ানো লাগত। হয়তো আইএএফের আর্থিক অনুদানও বন্ধ হয়ে যেতে পারত। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’